
কন্ট্রোল রুমে চলে যাবে এসএমএস
ট্রেন চালাতে চালাতে হঠাৎ যদি কোনো কারণে চালক অসুস্থ হয়ে পড়েন, স্বয়ংক্রিয় ব্রেক কষে ট্রেন থেমে যাবে। সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে চলে যাবে এসএমএস, যাতে উল্লেখ থামে ট্রেনের নাম্বার আর ঘটনার জায়গার নাম। বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের গবেষক নয়, চুঁচুড়া কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণির দুই ছাত্রের মাথা থেকে বেরিয়েছে এই ধরনের প্রযুক্তির নকশা।
স্কুলের বিজ্ঞান প্রদর্শনীতে অভিজ্ঞানকিশোর দাস এবং অর্কদীপ দাস নামের দুই ছাত্র তৈরি করেছে ‘সেফটি অ্যান্ড অ্যালার্ট’ নামের একটি প্রকল্প। তারা জানিয়েছে, সুস্থ মানুষের রক্তে স্বাভাবিক অক্সিজেনের পরিমাণ থাকে ৯৫ থেকে ১০০-র মধ্যে। কোনো কারণে মানুষ ঘুমিয়ে পড়লে বা হার্ট অ্যাটাক হলে সেটা নেমে যায় ৮০-র নিচে। এটাকে প্যারামিটার করেই বানানো হয়েছে প্রকল্পটি। ট্রেনচালকের হাতের আঙুলে আংটির মতো লাগানো থাকবে একটি অক্সি পালস মিটার। যার রিডিং মাইক্রো কন্ট্রোলারে যাবে তার বা ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে। মাইক্রো কন্ট্রোলারের সঙ্গে একটি সিম ৯০০ এবং ব্রেকের সঙ্গে একটি সার্ভে মোটর যুক্ত করা থাকবে। অক্সি পালস রেট রিডিং ৮০-র নিচে নেমে গেলে নিজে থেকেই থেমে যাবে ট্রেন। একটি এসএমএসও চলে যাবে কন্ট্রোল রুমে।
অভিজ্ঞানকিশোরের বাবা ভারতীয় অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের অ্যাসিস্টেন্ট অডিট অফিসার অনিন্দ্যকিশোর দাস স্লিপ অ্যাকমিয়া রোগে আক্রান্ত। এই রোগীরা যখন তখন ঘুমিয়ে পড়েন। তাঁর সঙ্গে আলোচনা করেই অভিজ্ঞানের মাথায় এই পরিকল্পনা আসে। বাবা, মা ও বন্ধু অর্কদীপের সহায়তায় বাড়িতেই পুরো বিষয়টি পরীক্ষামূলকভাবে করে দেখে সে।
