
২০১৮ সালের শুরুর দিকে এটি খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য
মস্কো নগরীর ভাস্তক টাওয়ারে চালু হতে যাচ্ছে ইউরোপের সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেক। ২০১৮ সালের শুরুর দিকে এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
পর্যবেক্ষণ ডেকের ব্যবস্থাপনা সহযোগী প্রতিষ্ঠান প্যানারোমা ৩৬০-এর কর্মকর্তা আর্তুর শাকারিয়ান গতকাল শুক্রবার বার্তা সংস্থা ইতার-তাসকে এ খবর জানান।
আর্তুর শাকারিয়ান বলেন, ‘ভাস্তক টাওয়ারটি মস্কোর ফেডারেশন কমপ্লেক্সে ‘মস্কো সিটিতে’ অবস্থিত। চলতি বছরের শেষের দিকে ফেডারেশন টাওয়ার কমপ্লেক্সের যাবতীয় কাজ শেষ হবে এবং স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। আমরা পরিকল্পনা করছি, ২০১৮ সালের জানুয়ারিতে পর্যবেক্ষণ ডেকটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’
রুশ গণমাধ্যম জানায়, ৮৯ তলায় অবস্থিত পর্যবেক্ষণ ডেকটির চতুর্দিক ৩৬০ ডিগ্রিজুড়ে দেখার সুযোগ থাকবে। এ ছাড়া এখানে তৈরি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ আইসক্রিম কারখানা।
পর্যবেক্ষণ ডেকে আরও থাকছে ১০টি বিষয়ভিত্তিক কর্নার। এসব কর্নার থেকে আগ্রহী যে-কেউ মস্কোর ইতিহাস, স্থাপত্য, সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে আকর্ষণীয় ঘটনাগুলোর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
