
সাধারণ যাত্রীরা মেট্রো কর্মীদের জন্যে থাকা শৌচাগারগুলি ব্যবহার করতে পারবেন
তিলোত্তমার লাইফলাইন হল মেট্রো। কম সময়ে এবং কম খরচে সঠিক গন্তব্যে যাওয়ার জন্য মেট্রো অনেকখানি ভরসাযোগ্য পরিবহন। কলকাতার মেট্রো স্টেশনগুলিতে ভিড় বাড়ছে ক্রমশ। অথচ শৌচাগার নেই। বহুদিন ধরেই যাত্রীদের দাবি ছিল প্রতিটি মেট্রো স্টেশনেই শৌচাগার তৈরি হোক৷ বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকেও মেট্রো স্টেশনে শৌচাগারের বন্দোবস্তের দাবি জানানো হয়৷ তা সত্ত্বেও মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে মেলেনি সবুজ সংকেত৷ তার জেরে বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তির শিকার হন যাত্রীরা৷ বিশেষত বয়স্ক যাত্রীদের ক্ষেত্রে তা কার্যত যন্ত্রণাদায়ক। অবশেষে মেট্রো রেলের সিদ্ধান্তে ভোগান্তি দূর হতে চলেছে যাত্রীদের৷ কলকাতা মেট্রোর ২৪টি স্টেশনে যাত্রীদের জন্য ছিল না কোনো শৌচালয়। বছরখানেক আগে চারটি স্টেশন- নোয়াপাড়া, শোভাবাজার, বেলগাছিয়া ও শহীদ ক্ষুদিরামে শৌচালয় বানানো হয়। কিন্তু বাকি ২০টি স্টেশনে যাত্রীদের জন্য কোনো শৌচালয় ছিল না। শোভাবাজার থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে প্রায় ৩৫ মিনিটের যাত্রাপথে শৌচালয় নেই। যে কারণে জরুরি অবস্থায় এতদিন সমস্যায় পড়তে হত যাত্রীদের। তার সমাধান হল এবার। এখন থেকে সাধারণ যাত্রীরা মেট্রো কর্মীদের জন্যে থাকা শৌচাগারগুলি ব্যবহার করতে পারবেন। সেই বিষয়ে ইতিমধ্যে স্টেশন মাস্টারদের কাছে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।
যদিও মেট্রো রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে খুশি হতে পারেননি কর্মীরা৷ তাঁদের দাবি, প্রতিদিন বহু সংখ্যক যাত্রী যাতায়াত করেন, সেক্ষেত্রে তাঁরা শৌচালয় ব্যবহার করলে তা আবর্জনায় ভরে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ তবে যাত্রী-স্বাচ্ছন্দ্যের জন্য আরও বেশ কিছু পদক্ষেপ মেট্রোর তরফে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
