
শেষ গান ছিল "আমার কন্ঠ হতে গান কে নিল, নিল ভুলায়ে …"।
আজ জন্মদিন। সুচিত্রা মিত্রর। আমার খুব প্রিয় শিল্পী। সামনে বসে প্রথম শুনি "বিশ্বজোড়া ফাঁদ পেতেছ, কেমনে দিই ফাঁকি? আধেক ধরা পড়েছি গো, আধেক আছে বাকি "। সকালবেলার অনুষ্ঠান ছিল। দিল্লিতে। "বিশ্বজোড়া" শব্দটি যেই মাত্র খোলা গলায় উচ্চারিত হল, নীল আকাশে উড়ে গেল একশ' হাজার সাদা কবুতর। তারপর একের পর এক। এবং খাতা / বই /কাগজ না দেখে। শেষ গান ছিল "কৃষ্ণকলি আমি তারেই বলি"। যেন ছবি ! গানও তো লেখার মতোই। যথার্থ প্রসাদগুণ থাকলে তিন মিনিটেই রঙিন ক্যানভাস। আরও বিশেষ করে এই অনুষ্ঠানের কথা মনে আছে কারণ এতেই হেমন্তর শেষ জনসমক্ষে এসে গান করা। শেষ গান ছিল "আমার কন্ঠ হতে গান কে নিল, নিল ভুলায়ে …"।
সুচিত্রা মিত্র মানেই তো উদাসী হাওয়ার পথে পথে বকুল ছড়িয়ে যাওয়া। শুনেছি গান শেখানোর সময়ে বারবার শিক্ষার্থীদের বলতেন, "গান তুলবে পরে। আগে পড়। বারবার পড়। প্রতিটি শব্দের অর্থ অনুধাবন কর। আত্মস্থ কর। তবেই তো তা নিবেদন করতে পারবে সুরে সুরে। "
সুচিত্রা যেদিন চলে গেলেন, অন্তিম যাত্রায় যখন নেপথ্যে বাজছিল একটিই গান..ঘুরেফিরে..আমার বড় প্রিয় সে গান… "খেলার সাথী , বিদায় দ্বার খোলো ..গেল যে খেলার বেলা…" । মনে হচ্ছিল, এভাবেই এক এক করে হয়ত আমাদের সকলের অস্তিত্বের অংশ চলে যায় ….তাদের দরজা খুলে মাথা নত করে বিদায় জানাতে হয়।
