তিস্তার জল মাপতে বসছে সেন্সর

সেন্সরের ফলে অনেকটাই সহজ হবে তিস্তায় বন্যার ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ

তিস্তার বুকে এবার বসতে চলেছে জল মাপার যন্ত্র সেন্সর। এই সেন্সর বসে গেলে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হবে, আগাম সাবধানবার্তা দেওয়া যাবে নদীর ধারে বসবাসকারীদেরও – এমনটাই মনে করছেন সেচ আধিকারিকরা। দেশের বিভিন্ন প্রান্তে নদীর জল মাপতে সেন্সর যন্ত্র থাকলেও, পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও নদীতে বসতে চলেছে এটি। জলের গতিবিধি থেকে শুরু করে পরিমাপ সবই ধরা পড়বে এই যন্ত্রে।

জলপাইগুড়ির গজলডোবা এলাকায় তিস্তার ওপরে এটি বসানো হবে। সিকিম থেকে বয়ে আসা তিস্তা জলপাইগুড়ি হয়ে কোচবিহারের মেখলিগঞ্জ ছুঁয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। আর তিস্তার জলের ওপর নিয়ন্ত্রণ রাখতে গজলডোবায় রয়েছে ব্যারেজ। সেখানেই বসানো হবে সেন্সর। এর জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি, গাজলডোবা এলাকার উন্নতিকল্পে বিরাট প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। প্রকল্পটি শেষ হলে বিশ্বের অন্যতম সেরা ট্যুরিজম হবে গজলডোবা। এমনটিই মত রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের। 

তিস্তা নিয়ে এখন এমনিতেই রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। এরই মধ্যে উত্তরবঙ্গের সেচ দপ্তরের আধিকারিকদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। যদিও বর্ষার আগেই এটি বাস্তবায়িত হবে কিনা, তা বলতে পারছেন না সেচ দপ্তরের কর্তারা। 

Developed by DXDasia