
আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস
সারা বিশ্বের কাছে সুন্দরবনের খ্যাতি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। সেই দক্ষিণরায়ের মুলুকে বাঘের সংখ্যা ধীরে ধীরে বেড়ে চলেছে। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে জানা গেল এমনই তথ্য।
কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক জানিয়েছে, গত ৮ বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে ১৮টি। ২০১০ সালে এই জঙ্গলে ৭০টি বাঘ ছিল। ২০১৮ সালে তা বেড়ে ৮৮ হয়েছে। এমনটাই জানিয়ে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক। সুন্দরবনবাসী এবং গোটা রাজ্যবাসীর কাছেই এটি খুব আনন্দের খবর। সুন্দরবনে প্রতি পাঁচ বছর পর পর বাঘসুমারি করা হয়। ২ বছরের কম বয়সী বাঘদের গণনার মধ্যে ধরা হয় না। সারা দেশেও বেড়েছে বাঘের সংখ্যা। এখন ভারত জুড়ে ২৯৬৭টি বাঘ রয়েছে।
ইতিমধ্যে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় প্রস্তাব রেখেছেন, যাতে সুন্দরবনে টাইগার সাফারি চালু করা হয়। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক বিষয়টিকে স্বাগত জানিয়েছে।
