
মুনসেপশন প্রতিযোগিতার আয়োজন করেছিল ভলিউম জিরো পত্রিকা
চাঁদে বাড়ি তৈরি হলে তার নকশা কেমন হবে, এই নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছিল ‘ভলিউম জিরো’ নামের এক পত্রিকা। সেখানে অংশগ্রহণ করে বিশ্বমানের স্বীকৃতি লাভ করলেন সোহম মুখোপাধ্যায়, ঋষিতা ভৌমিক ও জিষ্ণা চক্রবর্তী।
স্থাপত্য এবং নকশা বিষয়ক এই পত্রিকা ‘মুনসেপশন’ নামে যে প্রতিযোগিতার আয়োজন করেছিল, তাতে সামিল হয়েছিলেন সারা পৃথিবীর প্রায় ২ লাখ প্রতিযোগী। কঠিন লড়াইয়ের শেষে সেরা ৫০-এর তালিকায় স্থান পেলেন এই ৩ জন। এঁদের মধ্যে সোহম কুলটির বাসিন্দা। স্থাপত্যবিদ্যা নিয়ে স্নাতক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন তিনি। ঋষিকা ও জিষ্ণা থাকেন কলকাতায়।
তাঁদের নকশায় দেখা গেছে, চাঁদে বাড়ি তৈরি হলে তা এক বিশেষ ধরনের বর্ম দিয়ে ঢাকা থাকবে। সেই বাড়িতে থাকবে ভার্টিক্যাল গার্ডেন। বাগানে অ্যাজোলা নামের এক শ্যাওলা প্রতিপালন করতে হবে, যার থেকে আসবে প্রাণদায়ী অক্সিজেন। চাঁদের যে অংশে বরফের খোঁজ মিলেছে, সেখানে তৈরি করা যাবে এই ধরনের বাড়ি।
