
কচ্ছপটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের সিডিউল-১ এর তালিকাভুক্ত
থ্রি কেইল্ড ল্যান্ড টার্টেল একটি বিরল প্রজাতির কচ্ছপ। এই বিরল প্রজাতির কচ্ছপ পাওয়া গেল আলিপুরদুয়ারে। ভুটান সীমান্তবর্তী ডুয়ার্সের জয়গাঁয় অঞ্চলের একটি ড্রেনে ভেসে থাকতে দেখেন এক ব্যাক্তি। প্রাণীটিকে তুলে দেওয়া হয়েছে বন দপ্তরের কাছে।
এই কচ্ছপটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের সিডিউল-১ এর তালিকাভুক্ত। লাজুক প্রকৃতির প্রাণীটি সাধারণ লোকালয়ে দেখা যায় না। থাকে উঁচু পাহাড়ি অঞ্চলে। সাধারণত, ভুটান ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ের স্যাঁতস্যাতে এলাকায় এদের দেখ যায়। কচ্ছপটির গাঢ় খয়েরি রংয়ের খোলসে ঢাকা। পেটে দিকে গাঢ় সোনালী রংয়ের ছোপ। পিঠের ওপর সমান আকারের তিনটি সোনালি রংয়ের দাগ থাকে। কিন্তু এই দুর্লভ প্রজাতির কচ্ছপটিকে কোথায় রাখা হবে তা নিয়ে দেখা দিয়েছে সমস্যা। কারণ এই প্রজাতিকে নিয়ে গবেষণা খুব কম হয়েছে। ফলে বন দপ্তরের কাছে কীভাবে প্রাণীটিকে রাখা হবে, কী খেতে দেওয়া হবে সেই সম্পর্কে কোনও তথ্য নেই। জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভাগীয় বনাধিকারিক কুমার বিমল জানান, ‘এমন বিরল প্রজাতির প্রাণীটিকে সংরক্ষণ করার জন্য কোনও পরিকাঠামো নেই আমাদের কাছে।’ এই বিরল প্রাজাতির কচ্ছপটি বৃষ্টির জলে ভুটানের পাহাড় থেকে ভেসে এসেছে বলে মনে করা হচ্ছে।
