
ক্রিজে সেট হয়ে গেছেন পুনম রাউত এবং বেদা কৃষ্ণমূর্তি। তখন আশায় বুক বাঁধছে গোটা দেশ
তীরে এসেও ডুবে গেল তরী। বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের মত দলকে ২২৮ রানে আটকে রেখেও স্রেফ চাপের কাছে নতি স্বীকার করল মিতালি রাজের দল। কোনও সময়ই মনে হয়নি হাত থেকে বেরিয়ে গেছে ম্যাচ। তাও শেষ রক্ষা হল না। ২১৯-এই থেমে গেল ভারতের ইনিংস।
বোলাররা নিজেদের কাজ যথেষ্ট দায়িত্বের সঙ্গে করলেন। বাংলার ঝুলন মাত্র ২৩ রান দিয়ে সঠিক সময়ে তুলে নিলেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। মেয়েদের বিশ্বকাপ ফাইনালে এটাই এখনও পর্যন্ত তৃতীয় সেরা বোলিং পারফর্মেন্স। ব্যাট হাতেও এদিন যথেষ্ট সপ্রতিভ ছিলেন ভারতীয়রা। ৪২.৫ ওভারে মাত্র ৩ উইকেট খুইয়ে ১৯১ রান। ক্রিজে সেট হয়ে গেছেন পুনম রাউত এবং বেদা কৃষ্ণমূর্তি। তখন আশায় বুক বাঁধছে গোটা দেশ। কিন্তু পুনমের এলবিডব্লিউ-র পর থেকেই গোটা টিমটাই যেন আত্মাহুতি দিল। বিশ্বকাপ ফাইনালের চাপ সহ্য করতে পারল না। অহেতুক বিগ শটের হাতছানিকে না বলতে পারার মতো অভিজ্ঞতা পরের দিকে ব্যাট করতে আসা খেলোয়ারদের ছিল না। শেষ আশা দীপ্তি ফিরে যেতেই পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায়।
শেষ বিশ্বকাপে ঝুলন, মিতালিরা খালি হাতে ফিরলেও পরের বিশ্বকাপে ভালো খেলার প্রতিশ্রুতি নিয়ে যে ফিরে আসবেন বেদার মত খেলোয়াররা, গোটা টুর্নামেন্টে ভারতের পারফরমেন্স সেই আশাই জাগিয়ে রাখল।
