থার্মোকল নিষিদ্ধ পুরসভার কমিউনিটি হলে

নির্দেশিকা জারি করেছে পুরসভার স্বাস্থ্য বিভাগ

সহজে নষ্ট না হওয়া থার্মোকলের পাত্রে জমা জলে বংশবিস্তার করছে ডেঙ্গির জীবানু বাহক এডিস ইজিপ্টাই মশা। থার্মোকলের আবর্জনা রুদ্ধ করছে নিকাশি ব্যবস্থাও। এই সব কারণে শহরে থার্মোকলের ব্যবহার বন্ধ করতে চলেছে কলকাতা পুরসভা। প্রাথমিকভাবে, পুরসভার কমিউনিটি হলগুলিতে আয়োজিত অনুষ্ঠানে থার্মোকলের থালা-বাটি নিষিদ্ধ করার নির্দেশিকা জারি করেছে পুরসভার স্বাস্থ্য বিভাগ।

নিউ ব্যারাকপুর ও মধ্যমগ্রাম পুরসভা থার্মোকল বন্ধে কড়া হওয়ার কথা ঘোষণা করেছিল গত বছর থেকেই। এবার পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভাও। ১৬টি বরোর চেয়ারম্যানকে সেই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। তার সঙ্গে উল্লেখ করা হয়েছে এই বিষয়ে গুরুত্ব দিয়ে নজর রাখার কথাও। পুরসভার প্রত্যেকটি বরোতেই রয়েছে এক বা একাধিক কমিউনিটি হল। যে কোনো সামাজিক অনুষ্ঠানে কমিউনিটি হলে প্রচুর মানুষের জন্য রান্না হয়। চলতি মাস থেকেই পুরসভার কমিউনিটি হল ভাড়া দেওয়ার শর্ত হিসেবে থার্মোকল ব্যবহার না করার উল্লেখ থাকছে। যিনি হল ভাড়া নেবেন, তাঁর কাছে এই শর্ত মানা বাধ্যতামূলক। পুর কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুভাষ দত্তের মতো পরিবেশকর্মীরা। শহরের সচেতন নাগরিকরাও এই পদক্ষেপে খুশি।

সামাজিক অনুষ্ঠানগুলোতে থার্মোকলের থালা-বাটি ব্যবহারের প্রবণতা ক্রমশ বাড়ছে। তাতে রাশ টানতেই এই সিদ্ধান্ত নিতে হল পুরসভার স্বাস্থ্য বিভাগকে। অনেক দিন ধরেই পুর কর্তৃপক্ষ আলোচনা করছিলেন কমিউনিটি হলগুলোতে থার্মোকলের ব্যবহার বন্ধ করা নিয়ে। এবার তা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হল। 

Developed by DXDasia