নতুন জেলা ঝাড়গ্রামে এবার রাজ্যের প্রথম মডেল পুলিশ লাইন

ঝাড়গ্রাম শহরের ডিয়ার পার্ক সংলগ্ন এলাকায় পুলিশ লাইন নির্মাণ প্রকল্পে কাজ পেয়েছেন প্রচুর লোক

খাকি উর্দির গৌরবে এবার নতুন পালক যোগ করল বেলপাহাড়ির দেশ। ঝাড়গ্রাম জেলায় পশ্চিমবঙ্গের প্রথম মডেল পুলিশ লাইন গড়ে উঠছে। ঝাড়গ্রাম শহরের জুলজিক্যাল পার্ক সংলগ্ন প্রায় ১০০ একর জমিতে ২০১৬ সালের জানুয়ারি থেকেই পুলিশ লাইন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল। এই প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ হওয়ার পর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় নবান্ন থেকে ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনের প্রশাসনিক ভবনের উদ্বোধন করেছেন।

সূত্র মারফত জানা গেছে, এই পুলিশ লাইনের মধ্যে থাকছে এসপি, অতিরিক্ত এসপি এবং অন্যান্য পুলিশ আধিকারিকের বাংলো। এর সঙ্গে একটি ১০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র, একটি জেনারেল ক্যান্টিন এবং পেট্রল পাম্প সহ একটি মোটর পরিবহন বিভাগ এখানে দেখা যাবে। পাশাপাশি ২টি চারতলা ভবন রয়েছে, যার প্রত্যেকটিতে ২০০ জন করে কনস্টেবলের থাকার বন্দোবস্ত থাকবে। ২০০ জন জুনিয়ার কনস্টেবল থাকার উপযোগী ব্যারাকও থাকছে এখানে। রয়েছে ক্যান্টিন সহ ১০০ জন মহিলা কনস্টেবলের ব্যারাক। এছাড়া ৬০ শয্যা বিশিষ্ট স্টাফদের ডরমিটারি, ১০টি ওয়াচ টাওয়ার, মহিলাদের আলাদা খেলার মাঠ, ভিভিআইপিদের রাতে থাকার গেস্ট হাউজ এবং কনফারেন্স রুমেরও ব্যবস্থা থাকছে। ভবিষ্যতে এখানে দু’টি হেলিপ্যাড তৈরি করারও পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। রাজ্যের আইনশৃঙ্খলা এবং কর্মসংস্থানের উন্নতির জন্য পুলিশ লাইনের এই স্থাপনা যে একটি অত্যন্ত দরকারি এবং যুগোপযোগী পদক্ষেপ, তা ইতিমধ্যেই বিশেষজ্ঞ মহল স্বীকার করেছেন। সচেতন নাগরিকরা স্বাগত জানিয়েছেন এই উদ্যোগকে।

পশ্চিমবঙ্গের নবীনতম জেলা ঝাড়গ্রামের প্রথম শবদাহের উপযুক্ত ইলেকট্রিক চুল্লি নির্মাণের কাজও প্রায় শেষ হয়ে এসেছে। একসঙ্গে দু’টি শবদেহকে এখানে দাহ করা যাবে। বিশ্রাম ঘর, অফিস ঘর, স্টোর রুম, বাথরুম সহ এই ‘বৈতরণী প্রকল্প’-র উদ্বোধন হবে খুব শিগগিরিই। পাশাপাশি জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসকদের কার্যালয় এবং ভবন নির্মাণের কাজও চলছে পুরোদমে।

ছবি সূত্র – ঝাড়গ্রাম জেলা পুলিশ

Developed by DXDasia