বিধিনিষেধে ছাড় পেল বইয়ের দোকান

করোনা ঠেকাতে রাজ্যজুড়ে চলছে কড়া বিধিনিষেধ

করোনা ঠেকাতে রাজ্যজুড়ে চলছে কড়া ‘বিধিনিষেধ’। আর সেই বিধিনিষেধেই এবার দেওয়া হল কিছুটা ছাড়। সোমবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‌খুচরো দোকানগুলি এখন থেকে দুপুর বেলা ১২ টা থেকে ৩ টে পর্যন্ত খোলা রাখা যাবে। তার সঙ্গে খোলা থাকবে বইয়ের দোকানও। নূন্যতম কর্মী নিয়ে তথ্য প্রযুক্তি শিল্প, নির্মান শিল্পের অফিসগুলিও চালানো যাবে।

সোমবার বিকেলে পাবলিশার্স অ্যান্ড বুকসেলারস গিল্ড-এর তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের অনুরোধে সাড়া দিয়েছেন। সেই মতো, আগামীকাল ১ জুন থেকে বইয়ের দোকান ১২টা থেকে ৩টে পর্যন্ত খোলা রাখা যাবে।পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী,  বাংলায় কোভিড সংক্রমণ অনেকটা কমেছে। বিধিনিষেধ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে, এ কথা বলাই যায়। মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী,  তথ্য প্রযুক্তি শিল্পে ১০ শতাংশ কর্মী নিয়ে অফিস চালানো যাবে। নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরাও চাইলে কাজে যোগ দিতে পারবেন। সেক্ষেত্রে তাঁদের করোনা ভ্যাকসিন নিয়ে কাজে যোগ দিতে হবে। এ বিষয়ে নির্মাণ সংস্থার অধিকর্তাদের নজর রাখতে হবে। শারীরিক দূরত্ব বিধি মেনে এবং কোভিড প্রটোকল মেনেই করতে হবে কাজ। এর পাশাপাশি আগামী ১৬ জুন অবধি বাংলায় বিধিনিষেধ জারি থাকছে বলেও জানান তিনি। আপাতত বাস, ট্রেন, মেট্রো পরিষেবা বন্ধই থাকছে। ১৬ জুনের পর তা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ছবিঃ pixean.com

 

 

 

Developed by DXDasia