
এমনই চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভ
লাস ভেগাসের কনসার্টে রবিবার বন্দুকধারীর গুলিতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫৯ জন। অার এরই মধ্যে ভয়াবহ তথ্য প্রকাশ করল দেশটির সহিংসতাপর্যবেক্ষণ সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ (জিভিএ)। সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রে চলতি বছরে এখন পর্যন্ত গুলিতে প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৬২১ জন মানুষ। আহত হয়েছেন ২৩ হাজার ৪৩৩ জন।
মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। জিভিএ’র তথ্য মতে, বিগত ২০১৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৭৩৫ দিনে যুক্তরাষ্ট্রে ১ হাজার ৫১৬টি ম্যাস শুটিং বা গণহারে গুলির ঘটনা ঘটেছে। আর এ বছরই গণহারে গুলির ঘটনা ঘটেছে ২৭৩টি।
আর কেবল যদি গুলির ঘটনাই ধরা হয়, তাতে এ বছরের এখন পর্যন্ত ৯ মাস ১ দিনেই প্রাণ গেছে ১১ হাজার ৬২১ জনের। আহত হয়েছেন ২৩ হাজার ৪৩৩ জন।
