নিজেদের ব্যবসা শুরু করতে জোটবদ্ধ উত্তরবঙ্গের ১০ হাজার মহিলা

বাংলার মহিলাদের এমন বেনজির উদ্যোগ শেষ কবে দেখা গেছে?

নিজেদের সামান্য পুঁজিটুকুই সম্বল, নেই সরকারি প্রশিক্ষণ, এখনো মেলেনি সরকারি সাহায্য। তারপরেও নিজেদের ব্যবসা চালু করতে জোট বেঁধেছেন উত্তরবঙ্গের ১০ হাজার মহিলা। কেউ শুরু করেছেন জুয়েলারির ব্যবসা, কেউ বা কেক-প্যাস্ট্রি বানাচ্ছেন, কারো দক্ষতা শাড়িতে নকশা বোনায়। এমন হাজার হাজার মহিলা মিলে নিজেদের মধ্যে গড়ে তুলেছেন যোগাযোগ। পরস্পরের দিকে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। উদ্দেশ্য, প্রত্যেকের নিজ নিজ ব্যবসাকে দাঁড় করানো একজোট হয়ে।

এর আগে বাংলার মহিলাদের এহেন বেনজির উদ্যোগের দেখা কবে মিলেছে, মনে করতে পারছেন না অনেকেই। নিজেদের মধ্যে যোগাযোগ ঘন করতে ভরসা ফেসবুক পেজ। শিলিগুড়িতে সদ্য ছোটো একটা ব্যবসায়িক মেলারও আয়োজন করেছিলেন এই মহিলাদেরই কয়েকজন। সেই মেলার উদ্বোধনে এসেছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এই উদ্যোগের পাশে দাঁড়াবে রাজ্য সরকার। সরকারি সাহায্য পেলে এই উদ্যোগ আকাশ ছোঁবে, স্বপ্ন দেখছেন বঙ্গ ললনারাও। 

Developed by DXDasia