
বাবা নিখোঁজ। মা লোকের বাড়িতে কাজ করেন। তবু জেদের বশে সাফল্য তনুশ্রীর
বাবা নিখোঁজ। লোকের বাড়ি কাজ করেন মা। অভাব মেটাতে নিজেই প্রাইভেট টিউশান চালিয়ে যেত তনুশ্রী। তনুশ্রী সাহা। এবার উচ্চ মাধ্যমিকে ৪৭৬ নম্বর পেয়ে সকলের নজর কেড়েছে সে। শিলিগুড়ি গার্লস হাই স্কুলের ছাত্রী তনুশ্রী ভবিষ্যতে ভূগোল নিয়ে পড়ে শিক্ষিকা হয়ে চায়। বুধবার রাতে ডি ওয়াই এফ আইয়ের তরফে তনুশ্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বাংলায় ৯৬, ইংরেজি ৯৯, ইতিহাস ৯২, ভূগোল ৯৪, ফিলসফি ৯৫, কম্পুটার আপলিকেশন ৫৭। সব মিলিয়ে ৫০০-এর মধ্যে ৪৭৬। তনুশ্রীর এই সাফল্যে উচ্ছ্বসিত সবাই। স্কুলের প্রধান শিক্ষিকা শেফালি সিনহা জানান, তাঁরা সবসাময় এই মেধাবী ছাত্রীর পাশে থাকার চেষ্টা করেছেন। সবাইকে পাশে পেলে এগিয়ে যেতে আরও সুবিধা হবে তনুশ্রীর – এই আবেদনও জানিয়েছেন তিনি।
শিলিগুড়ি আশিঘর এলাকার বাসিন্দা তনুশ্রী এখন অর্থাভাবের জন্য চিন্তিত। উচ্চশিক্ষার উপায় কী হবে, জানা নেই। তবে বড় হয়ে তার মতো দুঃস্থ ও মেধাবীদের জন্য কাজ করতে চায়। এটাই এখন তনুশ্রীর এগিয়ে যাওয়ার মূলমন্ত্র।
