লোকসানের মেঘ কাটিয়ে বিপুল লাভ ‘তন্তুজ’-র, শাড়ি রপ্তানি বিদেশেও

তন্তুজ’-র শাড়ি যাচ্ছে আমেরিকা, চিন, রাশিয়ায়

একটা সময় বিপুল লোকসানে ডুবে যেতে বসেছিল সরকারি বস্ত্র সংস্থা ‘তন্তুজ’। সেই মেঘ কাটিয়ে এখন লাভের মুখ দেখেছে সংস্থা। পোশাকে ও শাড়িতে এসেছে আধুনিকতার ছোঁয়াও। আপোষ করা হচ্ছে না গুণমানের সঙ্গেও। তন্তুজ-র শাড়ি এখন পাড়ি দিচ্ছে আমেরিকা, রাশিয়া, চিন সহ নানা দেশে। দক্ষিণ ভারতেও বিপুল চাহিদা তন্তুজর শাড়ির। জামদানি, তাঁতের পাশাপাশি বিকোচ্ছে সিল্কের শাড়িও। 

গত আর্থিক বছরে ২৫৩ কোটি টাকার ব্যবসা করেছে এই সংস্থা। লাভের পরিমাণও চমকে দেওয়ার মতো। অনলাইন ব্যবসা ও সরাসরি রপ্তানি দুই-ই চলছে রমরম করে। রাজ্যের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে সরাসরি তাঁতিদের থেকে কেনা হচ্ছে। দক্ষ ডিজাইনারের তত্ত্বাবধানে চলছে শাড়ির আধুনিক রূপটান। রং ব্যবহারের ক্ষেত্রেও মাথায় রাখা হচ্ছে আধুনিক চাহিদাকে। দক্ষিণ ভারত থেকে রেশম কিনে তৈরি হচ্ছে উন্নতমানের সিল্ক। সেই সিল্ক রপ্তানি হচ্ছে গোটা দেশেই।
সুদিন এসে গেছে। আরো লক্ষ্মীলাভের আশায় এখন স্বপ্ন দেখছে তন্তুজ-র কর্মীরা।

Developed by DXDasia