
আউশগ্রামে প্রতি বুধবার করে বসবে তাঁতহাট
পাশাপাশি সাজানো রং-বেরঙের তাঁতের শাড়ি। শান্তিপুর, ধনেখালি, লিলুয়া, সমুদ্রগড়, ধাত্রীগ্রাম থেকে আসা প্রায় জনা পঞ্চাশেক তাঁতশিল্পী সাজিয়ে বসেছেন পসরা। নিজস্ব নিজস্ব ঘরানার তাঁতের শাড়ি দেখাচ্ছেন ক্রেতাদের। দরদাম চলছে। বাজারদরের চেয়ে কম দামেই মিলছে শাড়ি। অথচ, ঠকার ভয়ও নেই। খোদ তাঁতশিল্পীদের থেকেই যে চলছে কেনাকাটি। আউশগ্রাম-১ ব্লকের কিষান মান্ডিতে তাঁতশিল্পীদের নিজেদের উদ্যোগেই শুরু হয়েছে তাঁতহাট।
বুধবার, হাটের প্রথম দিনেই নাকি বিক্রিবাটা হয়েছে লাখ খানেক টাকার। উদ্যোক্তারা জানালেন, এবার থেকে প্রতি বুধবারই এই হাট বসবে। বিভিন্ন অঞ্চলের তাঁতশিল্পীরা ছাড়াও স্থানীয় বস্ত্র ব্যবসায়ীরাও বসবেন হাটে। জামদানি, বেনারসী, ধনেখালি, ফুলিয়া, শান্তিপুরী, বেগমপুরী শাড়ির পাশাপাশি হস্তচালিত তাঁতের নানা জিনিসপত্রও মিলছে হাটে। দাম কম, খাঁটি জিনিস কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারাও। অনেক ব্যবসায়ীও আসছেন এক লপ্তে অনেক শাড়ি কিনে নিয়ে যেতে।
নিজেদের স্বাধীন উদ্যোগ সফল। হাসিমুখ উদ্যোক্তাদের। খুশি তাঁতশিল্পীরাও।
