
ন্যায্য কারণে যারা নোট বদলাতে পারেননি তাদের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ রিজার্ভ ব্যাঙ্ককে
যারা ন্যায্য কারণে ২০১৬-র ডিসেম্বরের মধ্যে বাতিল নোট পাল্টানোর সুযোগ পাননি তাদের জন্য রিজার্ভ ব্যাঙ্ককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জগদীশ সিংহ খেরার জানান, ‘যদি কেউ ন্যায্য কারণ বশতঃ বাতিল নোট নির্ধারিত সময়ে জমা দিতে না পারেন আপনি তাঁকে তাঁর টাকা জমা দেওয়া থেকে বঞ্চিত করতে পারেন না। আপনি কারুর সম্পত্তি নিয়ে নিতে পারেন না। যদি আমি প্রমাণ করতে পারি এটা আমার টাকা, তাহলে আপনি আমায় আমার সম্পত্তি থেকে কোনওভাবেই বঞ্চিত করতে পারবেন না’।
বাতিল নোট জমা দেওয়ার জন্য রিজার্ভ ব্যাঙ্ক নির্ধারিত শেষ তারিখ পেরিয়ে যাওয়ার পর বেশ কিছু ব্যতিক্রমী ঘটনা সামনে আসে। মধ্যপ্রদেশের দু জন অনাথ তাঁদের পৈত্রিক বাড়ি থেকে ৯৬ হাজার ৫০০ টাকার বাতিল নোট খুঁজে পায়। প্রধানমন্ত্রীর কাছে তারা সেই নোট জমা দেওয়ার জন্য সাহায্য প্রার্থনা করে। এরকম আরও অজস্র অনুরোধ জমা পড়তে শুরু করে। বহু অনাবাসী ভারতীয়ও তাঁদের বাতিল টাকা জমা দিতে পারেননি। এই ধরণেরই কিছু আবেদনের ভিত্তিতেই এই রায় দিয়েছে শীর্ষ আদালত। সলিসিটর জেনারেল জানিয়েছেন, ২ সপ্তাহের মধ্যে এ বিষয়ে সরকার তার অবস্থান স্পষ্ট করবে।
