
মিয়ানমারে সাংবাদিক নিগ্রহ- বদল আসছে আইনে
মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন ও বাক্স্বাধীনতা নিয়ন্ত্রণকারী একটি আইনের সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন অং সান সু চি। সম্প্রতি দেশটিতে সাংবাদিক নির্যাতন ও গ্রেপ্তার বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। মিয়ানমারে ২০১৫ সালের নভেম্বর মাসে নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বিপুল বিজয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসে। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ এনএলডির অনেক সদস্য আগের সরকারের আমলে রাজনৈতিক বন্দী ছিলেন। কিন্তু পূর্ববর্তী সরকারের আইনগুলোর কোনটা থাকবে আর কোনটা বাতিল করা হবে, সে বিষয়ে সু চি-র দল এখনও সিদ্ধান্ত নিতে পারেনি।
এক সাংবাদিক সম্মেলনে সু চি বলেন, আইনপ্রণেতারা সংবিধানের ৬৬ (ডি) ধারাটি সংশোধনের কথা ভাবছেন। আইনের ধারাটিতে কী ধরনের সংশোধনী আনা হবে, সে ব্যাপারে অবশ্য তিনি কিছু বলেননি। তবে কারও কারও আশংকা কোপ পড়তে পারে ইন্টারনেট ব্যবহারের উপর।
