নতুন টালা সেতু বইতে পারবে ৩৮৫ টন ওজনের গাড়ি, ভাঙবে না একশো বছরেও

পুরোদমে চলছে নতুন সেতুর নকশা তৈরির কাজ

ধুঁকতে থাকা টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত হয়ে গেছে। তৈরি হচ্ছে নতুন সেতুর নকশা। নতুন সেতু যাতে কমপক্ষে একশো বছর স্থায়ী হয়, সেই দিকে লক্ষ্য রেখেই এগোচ্ছে রাজ্য সরকার। ইন্ডিয়ান রোড কংগ্রেস (আইআরসি)-এর নির্দেশিকা মেনেই চলছে নকশা তৈরির কাজ। প্রস্তাবিত নতুন সেতু বহন করতে পারবে যুদ্ধের সাঁজোয়া গাড়ির ওজনও। এর আগের সেতুর এক-এক দিকের লেন বইতে পারত ৫৬ টন ওজন। নতুন সেতু যাতে ৩৮৫ টন ওজনের ৮০ চাকার গাড়িও বইতে পারে, তেমনভাবেই বানানো হচ্ছে নকশা। 

কয়েক দিন আগেই টালা সেতু ভাঙার জন্য দরপত্র ডেকেছে রাজ্য সরকার। নকশা চূড়ান্ত হলে নতুন টালা সেতু নির্মাণের দরপত্রও ডাকা হবে। নতুন সেতু গড়ার জন্য এক বছরের সময়সীমা দিয়েছে রাজ্য সরকার। সেতুর মূল অংশয় ইস্পাতের কাঠামো থাকলে দ্রুত সেতু তৈরি করা সম্ভব। কিন্তু অন্যান্য গুণমান বজায় রেখে, আইআরসি-র নির্দেশিকা মেনেই চলছে সেতুর নকশা তৈরির কাজ। 

Developed by DXDasia