
অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবের প্ল্যাটিনাম জয়ন্তী
ভারতের স্বাধীনতা আসতে তখনও দু'বছর বাকি। ১৯৪৫ সালে তৈরি হল কলকাতা প্রেস ক্লাব, যেখানে সাংবাদিকরা কাজের ফাঁকে মত বিনিময় করতে পারবেন, বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াতে পারবেন। তারপর কত রাজনৈতিক-সামাজিক টানাপোড়েন, কত দাপুটে সাংবাদিকদের আনাগোনার স্মৃতি নিয়ে সেই প্রেস ক্লাব এবার ৭৫ বছরে পা রাখল।
প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, স্থায়ী ভবন তৈরির জন্য প্রেস ক্লাবকে রুবি হাসপাতালের কাছে ৩ কাঠা জমি দিতে চায় রাজ্য সরকার। এখনও প্রেস ক্লাবের নিজস্ব কোনো ভবন নেই।
পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এমন অনেক সাংবাদিক বন্ধু আছেন, যাদের বসবাসের জন্য জায়গার অভাব রয়েছে। রাজারহাটে ১০ কাঠা জমিতে তাঁদের জন্য কম দামে ফ্ল্যাট বানিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি চিত্র সাংবাদিকদের প্রেস ক্লাবের সদস্য করার আর্জি জানান। নিজের ব্যক্তিগত রোজগার থেকে প্রেস ক্লাবের তহবিলে এদিন ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেন মুখ্যমন্ত্রী।
