ঋতব্রতকে বহিষ্কারের সিদ্ধান্ত রাজ্য কমিটির

মহম্মদ সেলিমের বিরুদ্ধে একটি চ্যানেলে সরাসরি বেশ কিছু মন্তব্য করেন ঋতব্রত

অবশেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের সিদ্ধান্ত নিল সিপিএম। এদিন রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিন ধরেই দল-বিরোধী মন্তব্য করার অভিযোগ উঠছিল সাসপেনসনে থাকা এই সাংসদের বিরুদ্ধে। সম্প্রতি তাঁর কার্যকলাপ খতিয়ে দেখতে গড়ে ওঠা তদন্ত কমিটির শীর্ষে থাকা মহম্মদ সেলিমের বিরুদ্ধে একটি চ্যানেলে সরাসরি বেশ কিছু মন্তব্য করেন ঋতব্রত। আর এদিন টুইটে লেখেন, ‘দল কারও বাপের নয়।'

দলের নিয়ম অনুসারে বহিষ্কারের সিদ্ধান্তে শিলমোহর দিতে পারবে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটিই। ১৪ এবং ১৫ অক্টোবর সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কেন্দ্রীয় কমিটি অবশ্য সিদ্ধান্ত নিতে দেরি করে বিষয়টি ঝুলিয়েও রাখতে পারে। তবে বহিষ্কৃত হলেও ঋতব্রতর সাংসদ পদে তার কোনও প্রভাব পড়বে না।

Developed by DXDasia