
দিনযাপনে বাছাই চার
পড়ুয়ারা শিল্প গড়লে পরিকাঠামো দেবে জেভিয়ার্স
নবীন শিল্পোদ্যোগীদের সাহায্য করতে হাত বাড়িয়ে দিচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ। মঙ্গলবার সেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডোমিনিক স্যাভিও সাংবাদিকদের জানান, কলেজ থেকে উত্তীর্ণ হওয়ার পর যদি কোনো পড়ুয়া ছোটো শিল্প গড়তে চান, তাঁদের জন্য পরিকাঠামোর বন্দোবস্ত করে দেবে জেভিয়ার্স। সেই উদ্দেশ্যে এক বছরের মধ্যে ইস্টার্ন বাইপাসের ধারে ‘ইনকিউবেশন সেন্টার’ চালু হচ্ছে। এখন শুধু জেভিয়ার্সের ছাত্রছাত্রীরাই এই সুযোগ পাবেন বলে জানালেন অধ্যক্ষ।

ইদানীংকালে ভারতীয় ছবি নির্মাণে খামতি থেকে যাচ্ছে? ক্লাস নিচ্ছেন বুদ্ধদেব দাশগুপ্ত
বিশ্বমানের ছবি এবং বিশ্বের ছবি বাঙালি দর্শকদের সামনে পৌঁছে দিতে শুরু হয়েছে আর্টহাউস এশিয়া ফিল্ম ফেস্টিভ্যাল। এটিই প্রথমবর্ষ। শুধুমাত্র সিনেমা প্রদর্শনই নয়, সিনেমা বিষয়ক নানারকম কর্মশালারও আয়োজন করেছে এই ফেস্টিভ্যাল। আয়োজকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁরা বিশ্বের সিনেমা জগতের নানা প্রান্তে ঘুরে দেখেছেন, ভারতীয় ছবি আর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ধারার ছবির তালিকায় জায়গা পায় না। মনে করা হচ্ছে, ছবি তৈরিতে নানারকম খামতি থাকে। তাই ছবি তৈরির মূল ধাপ, চিত্রনাট্যকেই প্রতিযোগিতার উপযোগী করে তোলার চেষ্টা করা হবে এখানকার কর্মশালায়। এই ধরনের কর্মশালা কলকাতায় এই প্রথম। ক্লাস নিতে আসছেন পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। পাশাপাশি বসুশ্রী সিনেমাহলে দেখানো হচ্ছে ৮০টি ছবি। ৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই উৎসব, চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। উৎসবের নেতৃত্বে রয়েছেন শপথ দাস।

মনোরোগ নিয়ে সচেতনতা বাড়াতে মহানগরে শুরু হচ্ছে স্বাস্থ্যমেলা
এসএসকেএম হাসপাতালে বৃহস্পতিবার শুরু হচ্ছে মানসিক স্বাস্থ্যমেলা। মনোরোগ নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই মেলার আয়োজন করেছে এসএসকেএম হাসপাতালের ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি। একালের মানসিক চিকিৎসার হাল-হকিকত নিয়ে সেখানে আলোচনা করবেন দেশ-বিশেষের মনোবিদরা। ইউনিভার্সিটি অফ ম্যাঞ্চেস্টারের চিকিৎসক জেএস বামরা, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার চিকিৎসক মোহন আইজ্যাকের মতো বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞরা সেখানে হাজির থাকবেন। সুস্থ হয়ে যাওয়া রোগীরাও নিজেদের লড়াই এবং উত্তরণের কথা বলবেন। চার দিনের এই মেলার আয়োজক কমিটির সভাপতি পিজির অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়।

লেবু ঘাস চাষের উদ্যোগ নিল আউশগ্রাম, উৎপাদিত তেল পৌঁছে যাবে বিদেশের মাটিতে
স্বনির্ভর গোষ্ঠীকে আরও স্বাবলম্বী করতে পূর্ব বর্ধমানের আউশগ্রামে লেবু ঘাস চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে ভাল্কি অঞ্চলে প্রায় দশ একর জমিতে এই লেমন গ্র্যাস বা লেবু ঘাসের চাষ করা হবে। তার আনুষ্ঠানিক সূচনা করেন আউশগ্রাম ২-এর বিডিও গোপাল বন্দ্যোপাধ্যায়, আউশগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলি। ছিলেন ভাল্কি পঞ্চায়েতের উপ-প্রধান শিবনাথ মালিক। এই চাষের জন্য এলাকার কিছু জমি বেছে নেওয়া হয়েছে। প্রায় ৪০টি স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগানো হয়েছে। ঘাস কাটার উপযুক্ত হলেই ঘাসকে একদিন শুকিয়ে নেওয়ার পর অত্যাধুনিক মেশিনের মাধ্যমে তেল বের করা হবে। সেই তেল রান্না এবং বিভিন্ন ক্রিম তৈরিতে কাজে লাগে। এমনকি বিভিন্নরকম ওষুধ তৈরিতেও কাজে দেবে। তারপর বাংলা ছাড়িয়ে তা পৌঁছে যাবে বিদেশের মাটিতে।
