
রাজ্যের ২৪৮০টি গ্রন্থাগারে মোট ১ কোটি ৮০ লক্ষ বই আছে। সেগুলিতে নিয়মিত পাঠকের সংখ্যা গ্রন্থাগারের মোট সদ্যস্যের ১ শতাংশ মাত্র
ইংরাজি ভাষার ভীতি কাটাতে এবং ইংরাজি শেখার প্রয়োজনীতা নিয়ে সচেতনতা বাড়তে এবার বিভিন্ন লাইব্রেরিতে স্পোকেন ইংলিশ ক্লাস করানোর পরিকল্পনা নিল পশ্চিমবঙ্গ সরকার। একই সঙ্গে বিভিন্ন স্কুলকে নিকটবর্তী লাইব্রেরিগুলোর সঙ্গে যুক্ত করার কথাও ভাবা হচ্ছে।
বর্ধমান জেলাপরিষদের অঙ্গীকার হলে আয়োজিত একটি বৈঠকে হাজির হয়ে এই পরিকল্পনার কথা বলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার দপ্তরের প্রধান সচিব মণীশ জৈন, সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা অর্পিতা বসু, পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব প্রমুখও। সিদ্দিকুল্লা চৌধুরী জানান, নিয়মিত বই পড়ে এমন পাঠকের পরিসংখ্যান অত্যন্ত লজ্জাজনক। তাই রাজ্যের লাইব্রেরিগুলিকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা ভাবা হচ্ছে। তারই মধ্যে রয়েছে এই স্পোকেন ইংলিশ শেখানোর পরিকল্পনা।
তাঁর খেদ, এই রাজ্যের ২৪৮০টি গ্রন্থাগারে মোট ১ কোটি ৮০ লক্ষ বই আছে। অথচ সেগুলিতে নিয়মিত পাঠকের সংখ্যা গ্রন্থাগারের মোট সদ্যস্যের ১ শতাংশ মাত্র। লাইব্রেরিগুলিতে সাধারণ মানুষকে ফিরিয়ে আনতেই পরিকল্পনা সরকারের।
