স্পিড বোট, জেট স্কি এবার কলকাতাতেও

২৯ জুলাই থেকে বাবুঘাটে শুরু হবে এই পরিষেবা

খাস কলকাতায় নদীর বুকে জেট স্কি বা স্পিডবোটে চাপার সুযোগ পাবেন এবার আপনিও। গঙ্গায় এই ব্যবস্থা চালু করতে চলেছে কলকাতা পুলিশ। ২৯ জুলাই থেকে বাবুঘাটে শুরু হবে এই পরিষেবা। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, বিনামূল্যেই এই পরিষেবা দেওয়া হবে। পরবর্তীকালে, শহরের মানুষ কেমন সাড়া দেন তার ওপর নির্ভর করছে বাণিজ্যিকরণের চিন্তা।

বহুদিন ধরেই, গঙ্গাবক্ষকে কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে পরিকল্পনা চলছিল। পুলিশ উদ্যোগী হলেও, উপকরণ ও পারদর্শী অপারেটর দিয়ে সাহায্য করছে একটি বেসরকারি সংস্থা। বাবুঘাটে লঞ্চ, বার্জ, নৌকা সত্ত্বেও স্পিড বোট ও জেট স্কি চালালে বিপদের আশঙ্কা থাকবে কিনা, তার উত্তরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেনে চলা হবে সাবধানতার সমস্ত শর্তই। বেসরকারি সংস্থার কর্মীরাই চালাবেন স্পিড বোট ও জেট স্কিগুলি। পাশাপাশি, যাত্রীদের লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক।

Developed by DXDasia