‘নিশা লাগিলো রে/বাকা দুই নয়নে/নিশা লাগিলো রে’

হাসন রাজা। এই মরমী কবি ও বাউল শিল্পীর জন্ম ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর, আর মৃত্যু ৬ ডিসেম্বর, ১৯২২। রবীন্দ্রনাথ হাসনের সম্পর্কে বলেছিলেন – ‘এই সাধক কবি দেখিতেছেন যে, শাশ্বত পুরুষ তাঁহারই ভিতর হইতে বাহির হইয়া তাঁহার নয়নপথে আবির্ভূত হইলেন। বৈদিক ঋষিও এমনইভাবে বলিয়াছেন যে, যে পুরুষ তাঁহার মধ্যে তিনিই আদিত্যমণ্ডলে অধিষ্ঠিত।’

রইল হাসন রাজার কয়েকটি গান –

 
(১)
পিরীত করিয়ে, পিরীত করিয়ে মোর মন উদাসী।
প্রাণ গেল প্রাণ গেল, বন্ধুরে ভালবাসি।।
কথা কয় প্রাণ বন্ধে, যখন হাসি হাসি।
দেখিয়ে তাঁর রূপের বাহার, আইসে মোর বেহুশী।।
পিরীত আজব চিজ্ জগতের প্রধান।।
পিরীত কর প্রেমিকেরা, ছাড়িয়ে কুল মান।
পিরীত রত্ন কর যত্ন, পিরীতি জানিয়া সার।।
পিরীত ভাবে পাইবায়, বন্ধুয়ার দিদার।
হাছন রাজায় পিরীত করিয়া বন্ধুয়ারে পাইয়া।
এই কথা হাছন রাজা, ফিরে গাইয়া গাইয়া।।

(২)
লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূণ্যেরও মাঝার।।
ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার।।
এ ভাবিয়া হাসন রাজা
ঘর-দুয়ার না বান্ধে
কোথায় নিয়া রাখব আল্লায়
তাই ভাবিয়া কান্দে।।
জানত যদি হাসন রাজা
বাঁচব কতদিন
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন।।

(৩)
সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল।
আরে না জানি কি মন্ত্র করি জাদু করিল।।
রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম কানা
সেই অবধি লাগল আমার শ্যাম পিরিতির টানা।।
হাসন রাজা হইল পাগল লোকের হইল জানা
নাচে নাচে পালায় পালায় আর গায়ে জানা।।
মুখ চাহিয়া হাসে আমার যত আদি পরী
দেখিয়াছি বন্ধের দুখ ভুলিতে না পারি।।

(৪)
নিশা লাগিলো রে
বাকা দুই নয়নে
নিশা লাগিলো রে

হাছন রাজা
পিয়ারির প্রেমে মজিলো রে ।।

ছটফট করে হাছন দেখিয়া চান্দ মুখ
হাছন জানের মুখ দেখি জনমের গেলো দুখ ।

হাছন জানের রূপটা দেখি ফাল ফাল দি উঠে ।।
চিরাবারা হাছন রাজার
বুকের মাঝে ফুটে ।

নিশা লাগিলো রে
বাকা দুই নয়নে
নিশা লাগিলো রে
হাছন রাজা
পিয়ারির প্রেমে মজিলো রে ।।

(৫)
একদিন তোর হইবো রে মরণ, রে হাসন রাজা।
একদিন তোর হইবো রে মরণ।
মায়া জালে বেরিয়া মরন না হইলো স্বরণ ,রে হাসন রাজা।
একদিন তোর হইবো রে মরণ।।

যখন আসিয়া যমের দূত হাতে দিবে দড়ি হায়রে হাতে দিবে দড়ি।
টানিয়া টানিয়া লইয়া,যাবে যমের পুরি রে হাসন রাজা।
একদিন তোর হইবো রে মরণ।।

কোথায় গিয়া রইব তোমার সুন্দর সুন্দর স্ত্রী হায়রে সুন্দর সুন্দর স্ত্রী
কোথায় রইব রামপাশা আর সাধের লক্ষনশিরী রে হাসন রাজা।
একদিন তোর হইবো রে মরণ।।

আর যাইবায় নিরে হাছন রাজা রাজগঞ্জ দিয়া হায়রে রাজগঞ্জ দিয়া
আর করবায় নিরে হাছন রাজা দেশে দেশে বিয়া রে হাসন রাজা।
একদিন তোর হইবো রে মরণ।।

করবায় নিরে হাছন রাজা রামপাশায় জমিদারী হায়রে রামপাশায় জমিদারী
আর করবায় নিরে কাপনা নদীর পারে ঘুরাঘুরি রে হাসন রাজা।
একদিন তোর হইবো রে মরণ।।

ছাড় ছাড় হাছন রাজা, এ ভবের আশা হায়রে এ ভবের আশা
প্রাণবন্ধের চরণতলে, কর গিয়া বাসা রে হাসন রাজা।
একদিন তোর হইবো রে মরণ।।

গুরুর উপদেশ শুনিয়া হাছন রাজায় কয় হায়রে হাছন রাজায় কয়
সব তেয়াগিলাম আমি, দেও পদাশ্রয় রে হাসন রাজা।
একদিন তোর হইবো রে মরণ।।

Developed by DXDasia