
‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়/ আমার কথার ফুল গো’- বেতার নিয়ে গান বাঁধলেন নজরুল
কাজী নজরুল ইসলাম
১
কোন্ মহাব্যোমে ধ্বনি ওঠে ওম্
আদি আকাশ-বাণী
(কোন্) মহামৌনীর ধ্যান ভাঙে কোন্
বিরহের বীণাপাণি।
নিথর শূন্য অসীমে কোথায়
কে সে প্রণব শঙ্খ বাজায়
সেই ধ্বনি বুঝি জ্যোতির্জগতে
বাহিরে আনিছে টানি।
কোন্ অজানার অলখ জটায়
কথার গঙ্গা কাঁদে
কোন্ মায়াতীত সুন্দর হল
পড়িয়া মায়ার ফাঁদে।
কার সাথে এত কথা কহিবার
এত সে গোপন সাধ ছিল তার
তাঁহারি বাঁশরী-ধ্বনির কথা কি
বুজে কয় কানাকানি?
২
তোমার কথার পারাবতগুলি
আকাশে উড়িয়া যায়
অঞ্চল ফেলি চঞ্চল মন
তাহারে ধরিতে চায়।।
ব্যাকুল বক্ষে কোন্ তরুণীর
উহারা কি কভু বাঁধিবে না নীড়?
(ওরা) শূন্যমনের কথা কি গো তাই
শূন্যে মিলায় হায়।।
গানের আড়ালে ওগো ও সুরের দেবতা
কেন এ লুকিয়ে থাকা?
কোন্ কামনার কপোতগুলিরে ছড়াও দিগ্বিদিকে
পরায়ে সুরের পাখা?
যে-বুকে জাগে এত সুর এত কথা
সারা বিশ্বের বিরহের ব্যথা
বল বল সেথা একটি হৃদয়
ঠাঁই কেন নাহি পায়?
৩
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়
আমার কথার ফুল গো,
আমার গানের মালা গো
কুড়িয়ে তুমি নিও।।
আমার সুরের ইন্দ্রধনু
রচে আমার ক্ষণিক-তনু
জড়িয়ে আছে সেই রঙে মোর
অনুরাগ-অমিয়।।
আঁখি পাতায় নাই দেখিলে
আমার আঁখি জল,
মোর কণ্ঠের সুর অশ্রুভারে
করে টলমল,
আমার হৃদয়-পদ্ম ঘিরে
কথার ভ্রমর কেঁদে ফিরে
সেই ভ্রমরের কাছে আমার
মনের মধু পিও।।
৪
তোমার বিনা তারের গীতি
বাজে আমার বীণা-তারে
রইল তোমার ছন্দ-গাথা
গাঁথা আমার কণ্ঠহারে।।
কী কহিতে চাও হে গুণী,
আমি জানি আমি শুনি,
কান পেতে রই তারার সাথে
তাই তো সুদূর গগন-পারে।।
পালিয়ে বেটাও উদাস হাওয়া
গোপন কথার ফুল ফুটিয়ে,
আমি তারে মালা গেঁথে
লুকিয়ে রাখি বক্ষে নিয়ে।।
হয়তো তোমার কথার মালা
কাঁটার মতো করবে জ্বালা
সেই জ্বালাতে জ্বলবে আমার
প্রেমের শিক্ষা অন্ধকারে।।
(১৯৪০ সালে বেতার জগত্ত-এর ১-১৫ সেপ্টেম্বর সংখ্যায়)
