
ধোঁয়াহীন উনুন তৈরি করছে এক স্বনির্ভর গোষ্ঠী
কাঠের উনুন থেকে বিষাক্ত ধোঁয়া বাতাসে ছড়িয়ে যায়। শিশুদের বৃদ্ধিতেও এই ধোঁয়া বাধার সৃষ্টি করে। এইসব সমস্যা থেকে মুক্তি পেতে পুরুলিয়ার ২৭৩২টি অঙ্গনওয়ারি কেন্দ্রে বসানো হচ্ছে ধোঁয়াহীন উনুন।
‘গো টু ভিলেজ’ কর্মসূচিতে প্রশাসনিক কর্মচারীরা দেখেছিলেন, পুরুলিয়ার বহু অঙ্গনওয়ারি কেন্দ্রের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর। তখনই ধোঁয়াহীন উনুন লাগানোর সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে ইমপ্রোভাইজড স্মোকলেস চুল্লি বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের লোকশিক্ষা পরিষদ এই সংস্থার কর্মীদের দিচ্ছে হাতে কলমে উনুন বানানোর প্রশিক্ষণ।
গোটা জেলায় ৪৮৩৩টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকলেও এদের মধ্যে কেবল ২৭৩২টির নিজস্ব ভবন আছে। প্রাথমিকভাবে এই কয়েকটি কেন্দ্রেই বসানো হবে ধোঁয়াহীন চুল্লি। এখনও পর্যন্ত বাঘমুন্ডি ব্লকের ১৫টি অঙ্গনওয়ারি কেন্দ্রে ধোঁয়াহীন উনুন বসানো হয়েছে।
