
অত্যাধুনিক সরঞ্জাম এবং যোগাযোগের বন্দোবস্ত থাকছে গাড়িগুলিতে
মহিলাদের কাছে নিরাপদ শহর হিসেবে কলকাতা সারা দেশে প্রশংসিত। তবুও, প্রহরা ব্যবস্থার কোনো ত্রুটি রাখতে চায় না কলকাতা পুলিশ। শীত জাঁকিয়ে বসেছে তিলোত্তমায়, শুরু হয়ে গিয়েছে ক্রিসমাসের উদযাপন। এরই মধ্যে নারীদের সুরক্ষায় শহর জুড়ে টহল দেওয়া শুরু করল ৬৭টি নতুন গাড়ি।
রাতের মহানগরে মহিলাদের নিরাপত্তা বাড়াতে ইতিমধ্যেই বিশেষ টহলদারির ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। তাকে আরও নিশ্ছিদ্র করতে সোমবার এই গাড়িগুলি পথে নামল। সেদিন এই যাত্রার শুভ উদ্বোধন করেন কলকাতার মাননীয় নগরপাল অনুজ শর্মা।

৪০টি স্কুটি এবং ২৭টি চার চাকার গাড়িতে পুলিশের বিশেষ বাহিনী শহরের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম – সব প্রান্তেই টহল দিচ্ছে। সবক’টি গাড়িতে থাকছে অত্যাধুনিক সরঞ্জাম এবং যোগাযোগের বন্দোবস্ত। এছাড়া, গাড়িগুলিতে ‘শক্তি’ নামের স্টিকার লাগানো হয়েছে।
ছবি সৌজন্যে – কলকাতা পুলিশ
