পুজোর আয়োজন শুরু শিলিগুড়িতে

হাতে গোনা কয়েকদিন আর, দেবীপক্ষ উঁকি দিচ্ছে ওই

আর মাত্র দু-মাস। তারপরই বাংলা মেতে উঠবে শারদোৎসবে। বিগবাজেটের পুজোগুলো শিলিগুড়িতে খুঁটিপুজোর মাধ্যমে শুরু করে দিল পুজোর প্রস্তুতি। এনজেপি সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটি, হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব খুঁটিপুজোর আয়োজন করে সোমবার।

থিম হিসেবে ‘মাছ’-কে সঙ্গী করে মেতে উঠতে চলেছে হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব। তাপস ও সুদেবের পরিকল্পনায় ঐ পুজোয় প্রতিমা শিল্পী সুশান্ত। ক্লাবের যুগ্ম সম্পাদক নির্মল কুমার পাল ও পুজো সম্পাদক সঞ্জয় সাহা জানিয়েছেন, সেলোটেপ, জিআই তার, পোড়ামাটি, অ্যালুমিনিয়াম শিট দিয়ে পাঁচ হাজার মাছ তৈরি করা হচ্ছে। তৈরি হচ্ছে বিভিন্ন মডেলের নৌকা। থাকছে জেলেদের অনেক মডেল। তা দিয়েই সাজিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ। মণ্ডপের সামনে ধুতি-পাঞ্জাবি পরিহিত এক বাঙালি মডেল দেখা যাবে বড় মাছ হাতে। প্রতিমা তৈরিতে সাবেকিয়ানা থাকলে ও তাতে মাছ সংস্কৃতির প্রভাব থাকবে। জেলেদের জীবন যেমন প্রতিফলিত হবে তেমনই বাংলা সংস্কৃতি, বাংলা ভাষার কথা ও তারা বার্তায় মেলে ধরবেন বলে নির্মলবাবু জানিয়েছেন। গতবছর বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে ঐ ক্লাব। অপরদিকে এনজেপি সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটি এবারে তাদের থিম করেছে কাত্যায়নী সালংকারা বংশের পরম্পরা। কলকাতা থেকে আসা থিমমেকার তন্ময় চক্রবর্তী জানান, এবারেও নতুনত্ব থাকছে ঐ পুজোয়।

Developed by DXDasia