
শোকের ছায়া বাংলার সংবাদ মহলে
বর্তমানের প্রতিষ্ঠাতা-সম্পাদক বরুণ সেনগুপ্তর প্রয়াণের পর ২০০৮ সাল থেকে টানা এগারো বছর ধরে বর্তমান পত্রিকার সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। আজ সকাল ১০টা ৪২ মিনিট নাগাদ সেই দায়িত্ব থেকে চিরতরে অব্যাহতি নিয়ে পরলোকে পাড়ি দিলেন শুভা দত্ত। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন শুভা দত্ত। আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। কিছুক্ষণের মধ্যেই আসে শোকসংবাদ। বরুণ সেনগুপ্তর মৃত্যুর পর বর্তমান পত্রিকার সম্পাদকের দায়িত্ব বেশ দক্ষতার সঙ্গেই সামলেছিলেন তিনি। আদি বাড়ি বরিশালে, জন্ম ও বেড়ে ওঠা কলকাতাতেই। বরুণ সেনগুপ্ত ছিলেন তাঁর ‘মেজদা’। কন্যা রূপাঞ্জনা, জামাতা বিবেক-সহ বহু আত্মীয়স্বজন ছাড়াও তাঁর অসংখ্য গুণমুগ্ধকে ফেলেই অন্য ভুবনে চলে গেলেন শুভা।
শুভা দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শোকের ছায়া বাংলার সংবাদ মহলেও।
