
পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব প্রদত্ত এই পুরস্কার
তাঁর তুলির রেখায় মূর্ত হয়ে ওঠে টাইম আর স্পেসের ব্যবধান। অদ্ভুত কোলাজে ধ্বনিত হয় বাংলা বর্ণমালার ইতিহাস। সেইসব সূক্ষ্ম পেইন্টিং-এ উঠে আসে প্রেম-যৌনতা থেকে এক গূঢ় অন্তর্লীন রাজনীতি। তিনি কিংবদন্তি শিল্পী হিরণ মিত্র। গতকাল রাজ্য চারুকলা পর্ষদের আয়োজনে পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০১৯-এ শিল্পী হিরণ মিত্রের হাতে তুলে দেওয়া হল ‘শিল্পী মহা সম্মান ২০১৯’। শুধুমাত্র পেইন্টিং নয়, চলচ্চিত্র ও থিয়েটারে শিল্প নির্দেশনার কাজেও একাধিকবার ব্যস্ত থেকেছেন। এমনকি রেখাচিত্রের মাধ্যমে তুলে ধরেছেন অ্যাবস্ট্রাক্ট কোরিওগ্রাফ।
গতকাল রবীন্দ্র সদনে এই পুরস্কার প্রদানের মধ্যে দিয়ে শুরু হল চারুকলা উৎসব। ১০ দিনের এই উৎসব চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, আকাদেমি অফ ফাইন আর্টস এবং একতারা মঞ্চে দিনভর অনুষ্ঠান চলবে। থাকছে বিভিন্ন টক শো, কর্মশালা, ডিজিটাল প্রেজেন্টেশন, তথ্যচিত্র প্রদর্শন।
