
প্রতীম ডি গুপ্তর পরবর্তী ছবি ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’
বাংলা চলচ্চিত্রে আসছেন নতুন গোয়েন্দা। শান্তিলাল ভট্টাচার্য। নামটা চেনা লাগছে না তাই তো? না ইনি ফেলুদা, ব্যোমকেশ, শবর বা কিরিটির মতো সাহিত্যের পাতা থেকে উঠে আসেননি, এসেছেন পরিচালক প্রতীম ডি গুপ্তর নিজস্ব ভাবনা থেকে। তাঁর মস্তিষ্কপ্রসূত চরিত্র হল গোয়েন্দা শান্তিলাল ভট্টাচার্য। ছবির নাম রাখা হয়েছে ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী এবং পাওলি দামকে। এর আগে প্রতীমের পরিচালনায় এই জুটিকে ‘মাছের ঝোল’ ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিতে ঋত্বিক রয়েছেন এক তুখোর সাংবাদিকের চরিত্রে। স্টাফ রিপোর্টার। অন্যদিকে, জনপ্রিয় এক অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে পাওলি দামকে।

প্রতীম ডি গুপ্ত নিজের ফেসবুক ওয়ালে ছবির প্রথম লুক পোস্ট করেন। শহরের এই নতুন গোয়েন্দা দর্শকমনে কতটা জায়গা করতে পারবে তা জানতে আরেকটু অপেক্ষা করতে হবে। ছবি মুক্তি পাচ্ছে অগাস্টে। ঋত্বিক-পাওলি ছাড়াও অভিনয় করছেন গৌতম ঘোষ, চিত্রাঙ্গদা চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্যের মতো শিল্পীরা।
