
সম্প্রচারিত হবে সরকারি শিক্ষা মূলক ও সচেতনতা মূলক অনুষ্ঠান, চাষবাস, চিকিৎসা, জীবিকা, আইনি পরামর্শ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের নানা জনস্বার্থ মূলক সম্প্রচার
এই প্রথম- রাজ্যের প্রত্যন্ত গ্রামে ‘কমিউনিটি রেডিও স্টেশন’ চালু হচ্ছে। এই স্টেশন থেকে শোনা যাবে ‘মহাশোল-বাণী’র সরাসরি সম্প্রচার। অনুষ্ঠান সম্প্রচারিত হবে পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের সদর উত্তর চক্রের মহাশোল প্রাথমিক বিদ্যালয়ের এফএম রেডিও স্টেশন থেকে। রেডিও স্টেশন থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পরিধি এলাকায় অনুষ্ঠান শোনা যাবে। সম্প্রচারিত হবে সরকারি শিক্ষা মূলক ও সচেতনতা মূলক অনুষ্ঠান, চাষবাস, চিকিৎসা, জীবিকা, আইনি পরামর্শ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের নানা জনস্বার্থ মূলক সম্প্রচার। এই রেডিও স্টেশন থেকে গ্রামীণ ছাত্ররা পাবেন শিক্ষক দের থেকে প্রয়োজনীয় পরামর্শ।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রাথমিক সম্মতিতে এই মন্ত্রকেরই অধীন ‘ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড’ (বেসিল) শালবনির স্কুল চত্বরেই বসাবে ট্রান্সমিটার। তৈরি করা হবে স্টুডিও। শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতে এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন। তিনি এই প্রকল্পের জন্য তাঁর তহবিল থেকে ৩০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। কমিউনিটি রেডিও স্টেশনের পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত প্রচারক দেবাশিস ভট্টাচার্য কথায় ‘‘আট বছর লড়াইয়ের পরে রাজ্যে এই প্রথম কোনও প্রাথমিক স্কুলে কমিউনিটি রেডিও স্টেশন চালু হচ্ছে। লাইসেন্স পেলে স্টুডিও তৈরি করতে মাস দু’য়েক লাগবে। আগামী জুলাই থেকে পুরোদস্তুর সম্প্রচার শুরু হয়ে যাবে।’’
কেন্দ্র ও রাজ্য সরকারের এই উদ্যোগে স্থানীয় মানুষ খুব খুশি।
সরকারে এই উদ্যোগকে বঙ্গদর্শন জানায় আন্তরিক শুভেচ্ছা।
