করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গের ত্রাণ তহবিলে আড়াই কোটি টাকা দেবেন শাহরুখ

রাজ্যকে পিপিই কিটও দেবেন তিনি

করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে গড়ে তোলা হয়েছে আপৎকালীন ত্রাণ তহবিল। প্রতিদিনই সেখানে অনুদান জমা পড়ছে। এবার সেই তহবিলে বিপুল অর্থ দান করতে চলেছেন বলিউডের তারকা অভিনেতা তথা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান।

গতকাল শাহরুখ ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তখনই জানান, রাজ্যের আপৎকালীন তহবিলে আড়াই কোটি টাকা দান করবেন তিনি। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, মহারাষ্ট্র সরকার এবং প্রধানমন্ত্রীর তহবিলেও অর্থ দান করা হয়েছে শাহরুখের সংস্থাগুলির পক্ষ থেকে। করোনা রুখতে নানান কর্মসূচি নিয়েছে তাঁর চারটি সংস্থা – রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, কলকাতা নাইট রাইডার্স, রেড চিলিজ ভিএফএক্স এবং মির ফাউন্ডেশন। ইতিমধ্যে প্রেস বিবৃতি দিয়ে রেড চিলিজ ঘোষণা করেছে, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হবে ৫০ হাজার পিপিই কিট।

 

Developed by DXDasia