সুন্দরবনে ক্যামেরায় ধরা পড়ল নতুন সাতটি বাঘ

চলতি বছরে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে বাঘের সংখ্যা দাঁড়াল ৯৪টি

সুন্দরবনে ক্যামেরার ফাঁদে ধরা পড়েছে সাতটি নতুন বাঘ। ২০১৬–১৭ সালের ৮৭টি বাঘের জায়গায় চলতি বছরে ম্যানগ্রোভ অরণ্যে বাঘের সংখ্যা দাঁড়াল ৯৪টি। সারা পৃথিবীতে স্বাভাবিক পরিবেশে যেখানে বাঘের জন্মের হার নিম্নাভিমুখী, সেখানে সুন্দরবন অঞ্চলে সাতটি নতুন অতিথির আগমন অবশ্যই একটি ইতিবাচক বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে পরিবেশকর্মীদের কাছে। 

৯৪টি বাঘের মধ্যে ৬৪টি বাঘ রিজার্ভ এরিয়ায় এবং ৩০টি বাঘ বাফার জোনে দেখা গিয়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। এই সংখ্যাটিই ২০১৬–১৭ সালে ছিল ৬২ ও ২৫। ন্যাশনাল টাইগার কনসার্ভেশন অথরিটি (এনটিসিএ) জুনের প্রথম সপ্তাহেই সুন্দরবনের বাঘ-সহ সারা ভারতের বাঘের সংখ্যা প্রকাশ করবে বলে জানিয়েছেন। এই রিপোর্টের মধ্যে বাংলাদেশ অঞ্চলে সুন্দরবনের যে অংশটি রয়েছে সেখানকার বাঘের সংখ্যাও অন্তর্ভুক্ত করা হতে পারে। গত বছর সুন্দরবন ও দক্ষিণ ২৪ পরগনার বনাঞ্চলের বিভিন্ন জায়গায় প্রায় ৬০০টি ক্যামেরা বসানো হয়েছিল। সুন্দরবনের ক্যামেরা প্রতিস্থাপন সেই প্রকল্পেরই অংশ।

Developed by DXDasia