কন্যাশ্রীর টাকায় স্বনির্ভর কুহেলি

কন্যাশ্রী প্রকল্পে পাওয়া টাকায় নিজের বাড়ির কাছে একটি ঘর ভাড়া নিয়ে ক্যাফে খুলেছেন তিনি

সদ্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে কন্যাশ্রীর সেরা পুরষ্কার নিয়ে বাড়ি ফিরেছেন নদীয়ার ফুলিয়ার কুহেলি বসাক। এ চত্বরে সবাই তাকে চেনে। এক লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে যিনি প্রাপকের হাতে তুলে দিয়ে সংবাদের শিরোনামে এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কন্যাশ্রীর তিনি অন্যতম সুপার মডেল। মুখ্যমন্ত্রীর কাছ থেকে পুরষ্কার পেয়ে বেজায় খুশি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা পাঠক্রমের বাংলা বিভাগের ছাত্রী। শান্তিপুরের ফুলিয়ায় নিজের বাড়িতে বসে শনিবার জানান, কন্যাশ্রী প্রকল্পে পাওয়া ২৫ হাজার টাকায় নিজের বাড়ির কাছে একটি ঘর ভাড়া নিয়ে ক্যাফে খুলেছেন। অনলাইনে ফর্ম ফিলাপ থেকে শুরু করে নেটের কাজকর্ম করা হয়। বাবা পেশায় ভ্যানরিক্সা চালক। গত ১৮ মার্চ নিজেরই ক্যাফের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। সেটি খুলে দেখতে পান টাকার বান্ডিল। গুনে দেখা যায় এক লক্ষ টাকা রয়েছে। পরে ব্যাগের মালিক প্রমাণ দিয়ে টাকা ভর্তি ব্যাগ ফেরৎ নিয়ে যান। খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি রাজ্যস্তরে জানানো হয়। তারপরই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে খবর দেওয়া হয়। সেইমতো শুক্রবার কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন কুহেলি। এখন তিনি পড়াশোনার পাশাপাশি ক্যাফের ব্যবসাটাও ভালো করে চালাতে চান।

Developed by DXDasia