প্লাস্টিক রুখতে নারকেলের মালাতে গাছের চারা বিলি হচ্ছে শিলিগুড়িতে

প্লাস্টিকের ব্যবহারে ইতি টেনে দূষণমুক্ত পরিবেশ গড়ার এই উদ্যোগ নিয়েছে বনদপ্তর

পলিথিন প্যাকেটের পরিবর্তে এবার থেকে নারকেলের মালাতে গাছের চারা বিলি করবে বনদপ্তরের সোশ্যাল ফরেস্ট্রির শিলিগুড়ি ডিভিশন। বন বিভাগ জানিয়েছে, দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে প্লাস্টিকের ব্যবহারে ইতি টেনে দূষণমুক্ত পরিবেশ গড়ার এই উদ্যোগ নিয়েছে বনদপ্তর। চারিদিকে গাছ কেটে দেওয়া হচ্ছে, বাড়ছে জলের সংকট। এই চিন্তাভাবনা থেকেই প্রাথমিকভাবে সবুজশ্রী প্রকল্পে নারকেলের মালাতে গাছের চারা বিলি করা হচ্ছে। তবে আগামীতে সবক্ষেত্রেই পলিথিনের প্যাকেট ব্রাত্য করে নারকেলের মালা ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নারকেলের মালা একসময় অপ্রতুল হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে ডাবের মালাতেও গাছের চারা লাগানো যেতে পারে। সেটাও পরিবেশের পক্ষে ভালো হবে। 

প্রাথমিকভাবে সবুজশ্রী প্রকল্পে এই নারকেলের মালাতে গাছের চারা বিলি করা হচ্ছে। এভাবে সবাই যদি প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার ব্যাপারে উদ্যোগী হয় তাহলেই পরিবেশকে ভয়ঙ্কর দূষণ থেকে রক্ষা করা সম্ভব- জানাচ্ছেন কর্তৃপক্ষ।

Developed by DXDasia