
যাত্রীদের প্রসাধনের জন্য নজিরবিহীন উদ্যোগ
শিয়ালদহ স্টেশনে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করেন। তাঁদের মধ্যে অনেকে ব্যস্তুতার কারণে বাড়িতে প্রসাধনের সময় পান না। এবার তাঁদের কথা ভেবে শিয়ালদা স্টেশন চত্বরেই নতুন স্পা চালু করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
এই স্পা কোনো প্রসাধনী সংস্থার হাতে চুক্তিবদ্ধভাবে তুলে দেওয়া হবে। তারাই চালাবে এটি। স্টেশনের সাউথ বুকিং অফিসের পাশে যে স্টোর আছে, তাকে সরিয়ে ওখানে পুজোর আগে স্পা চালু হবে। সেখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। মহিলাদের জন্য বিউটি পার্লার, পুরুষদের জন্য থাকবে চুল-দাড়ি কাটার সঙ্গে প্রসাধনের বন্দোবস্ত।
পাশাপাশি শিয়ালদহ স্টেশনের একতলা ও দোতলা জুড়ে থাকবে শপিং মল। ইতিমধ্যেই একতলার সব অফিস স্টেশনের মূল ভবনের পাঁচতলায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
