গিটার বাজিয়ে, গান গেয়ে করোনা সচেতনতার বার্তা দিলেন বনগাঁর এসডিপিও

সোশ্যাল মিডিয়ায় সেই গান এখন ভাইরাল

দাপুটে পুলিশ অফিসার হিসেবে পরিচিত তিনি। অপরাধীরা তাঁকে যমের মতোই ভয় পায়। বনগাঁর সেই মহকুমা পুলিশ আধিকারিক এবার গিটারের ঝংকার তুলে করোনা প্রতিরোধের গান গাইলেন।

আইনশৃঙ্খলা সামলাতে ব্যস্ততার শেষ নেই। তারই মধ্যে সময় করে গিটার বাজান, গান বাঁধেন, গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন এসডিপিও অশেষবিক্রম দস্তিদার। অঞ্জন দত্তের ‘বেলা বোস’ অনুসরণে গান বেঁধে এবার তুলে ধরলেন লকডাউন মেনে চলার আর্জি। গিটার বাজিয়ে গাওয়া সেই গান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁর সুযোগ্য পুত্র অভিনন্দন দস্তিদারও গলা মিলিয়েছেন তাতে। 

এসডিপিও অশেষবিক্রম দস্তিদার আমাদের বললেন, “ভয় দেখিয়ে সব সময় কাজ হয় না। ভালোবাসায় অনেক বেশি কাজ করা যায়। তাই গান গেয়ে মানুষের কাছে পৌঁছতে চেয়েছি। লকডাউনে এখন সবাই গৃহবন্দি। বিশেষ করে নতুন প্রজন্ম খুব কষ্টে রয়েছে। বন্ধুবান্ধব, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড – কারো সঙ্গেই দেখা করতে পারছে না। তাদের অনুভূতি আমি শেয়ার করলাম। গানের সুরে বলেছি, ২১ দিন তোমরা একটু কষ্ট করো। পৃথিবী জীবাণুমুক্ত হলে আবার প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে পারবে”। 

ভিডিও সৌজন্যে – সজল ভদ্র 
 

Developed by DXDasia