
মানপত্র ছাড়াও স্কুলের উন্নয়নের জন্য দেওয়া হল পঞ্চশ হাজার টাকার চেক
জাতীয় পর্যায়ে সেরা প্রাথমিক বিদ্যালয়গুলির মধ্যে অন্তর্ভুক্ত হল গোঘাটের সামন্তখণ্ড প্রাথমিক বিদ্যালয়। স্কুলটিকে ‘জাতীয় স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার ২০১৬’ হিসাবে পুরস্কৃত করা হয়।
সম্প্রতি দিল্লির সর্বপল্লী রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন মন্ত্রী প্রকাশ জাভাডেকর। তিনিই এই পুরস্কার তুলে দেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছন্দনা ভুঁইয়ার হাতে। মানপত্র ছাড়াও স্কুলের উন্নয়নের জন্য দেওয়া হয় পঞ্চশ হাজার টাকার চেক। এই পুরস্কার সম্পর্কে ছন্দনাদেবী জানান, ‘স্কুল আমার কাছে একটা স্বপ্ন। একে আমি আরও বড় জায়গায় নিয়ে যেতে চাই। এই লক্ষ্য নিয়েই আমি কাজ করছি।’
এই পুরস্কারে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক–অভিভাবিকারাও খুশি। প্রধান শিক্ষিকার সঙ্গে পুরস্কার নিতে দিল্লিতে গিয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্রী দেবযানী দে। সে জানাল, এই পুরস্কার পাওয়ায় তারা খুব খুশি। অন্যদিকে অভিভাবিকা কাজলি গড়াই বলেন, ‘গ্রামের মধ্যে এরকম একটা সুন্দর স্কুল আমরা ভাবতেই পারতাম না। এই পুরস্কারের জন্য গ্রামের সব মানুষই গর্বিত ও আনন্দিত।’
স্কুলে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে বসানো হয়েছে সাবমার্শিবল পাম্প, অ্যাকোয়াগার্ড। শিক্ষক–শিক্ষিকা, ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সুসজ্জিত শৌচাগার। ছন্দনাদেবী বলেন, ‘এর জন্য স্কুলের পাঁচজন শিক্ষক–শিক্ষিকাই একযোগে আরও উন্নয়নের জন্য সবসময় লড়াই চালিয়ে যাচ্ছি।’ এই স্কুলটি ২০১৩ সালে নির্মল বিদ্যালয় পুরস্কার ও ২০১৫ সালে শিশুমিত্র পুরস্কার পেয়েছিল।
