
সাফল্যের নিরিখে সর্বাধিক পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে কলকাতা
ভোটের মরশুমে প্রকাশিত হল ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। সাফল্যের নিরিখে সর্বাধিক পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে কলকাতা, তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। এবছর মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করেছেন পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাত্র সৌগত দাস, প্রাপ্ত নম্বর ৬৯৪। দ্বিতীয় হয়েছেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা গার্লস হাইস্কুলের শ্রেয়সী পাল ও কোচবিহার ইলাদেবী গার্লস হাইল্কুলের দেবস্মিতা সাহা। দু’জনের প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় স্থানে রয়েছেন ক্যামেলিয়া রায় (রায়গঞ্জ গার্লস হাইস্কুল) এবং ব্রতীন মণ্ডল (শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুল ), প্রাপ্ত নম্বর ৬৮৯। অন্যদিকে, কলকাতায় প্রথম হয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের ছাত্র সোহম দাস, প্রাপ্ত নম্বর ৬৮১। মাধ্যমিকে এবার মেধাতালিকায় রয়েছেন ৫১ জন। এবছর পাশের হার ৮৬.০৭ শতাংশ, যা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ। গতবার পাশের হার ছিল ৮৫.৪৯ শতাংশ।
সকাল ১০টা থেকে পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইটে (wbbse.org, wbresults.nic.in) জানা যাবে ফলাফল। এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা। এই দিনই স্কুল থেকে হাতে মার্কশিট পাবে পড়ুয়ারা। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০.৬৬ লক্ষ। পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে পর্ষদ।
যেভাবে জানা যাবে মাধ্যমিকের ফল- পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন www,examresults.net ওয়েবসাইটে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসে ফল জানতে টাইপ করতে হবে, WB <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপেও জানা যাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এছাড়াও চটজলদি পরীক্ষার ফলাফল জানা যাবে এই ওয়েবসাইটগুলি থেকে – www.examresults.net, www.exametc.com, www.indiaresult.com, www.result.shiksha
ছবি- সংগৃহীত
