গ্রামবাসীদের হাতে সুলভে জীবাণুনাশক তুলে দিচ্ছে সারগাছি রামকৃষ্ণ মিশন – পড়ুন সারাদিনের বাছাই খবর

দিনযাপনে বাছাই করা খবর

গ্রামবাসীদের হাতে সুলভে জীবাণুনাশক তুলে দিচ্ছে সারগাছি রামকৃষ্ণ মিশন

আর্তের সেবায় মুর্শিদাবাদের সারগাছিতে রামকৃষ্ণ মিশন আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ পরমহংসের শিষ্য স্বামী অখণ্ডানন্দ। রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সারদাদেবী ও স্বামী অখণ্ডানন্দের সেই আদর্শকে পাথেয় করে করোনার মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছেন সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। তাঁদের উদ্যোগে স্থানীয় মহিলারা আশ্রমেই তৈরি করছেন হ্যান্ড স্যানিটাইজার, নিম সাবান, ফিনাইলের মতো জীবাণুনাশক। বাজারে এইসব প্রয়োজনীয় জিনিসের জোগান পর্যাপ্ত নয়। তাই আশেপাশের লোকজনের কাছে কম দামে এইসব জীবণুনাশক পদার্থ পৌঁছে দিচ্ছে সারগাছি রামকৃষ্ণ মিশন। তাঁরা গ্রামবাসীদের করোনা প্রতিরোধে সচেতন করতে বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন।

শহরের পাশাপাশি নায়রাহাট গ্রামীণ হাসপাতালেও খোলা হল আইসোলেশন ওয়ার্ড

শহরের পাশাপাশি এবার গ্রামেও খোলা হল ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। মন্দিরবাজার ব্লক অফিসেই এই কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর পাশাপাশি ১০টি পঞ্চায়েত এলাকায় মাইকিং, লিফলেট, ব্যানার প্রচারেও নির্দেশ দেওয়া হল। ব্লকের নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে ৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড খোলা হল। করোনা ভাইরাসে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ব্লক অফিসেই ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমে ৮ জনের টিম থাকবে নজরদারিতে। নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে যেমন আইসোলেশন ওয়ার্ড খোলা হচ্ছে, পাশাপাশি লক্ষ্মীকান্তপুর স্টেশনে শুক্রবার থেকে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে। বাইরে থেকে যাঁরা আসছেন তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হবে।

এই মুহূর্তে বাজার খোলা থাকবে, ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হবে আইসোলেশন সেন্টার

সরকারি ও বেসরকারি হাসপাতালগুলির কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন বাজার খোলা থাকছে, গুজবে কান দেবেন না। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়, বেসরকারি হাসপাতালগুলি যাতে সস্তায় রোগীর সেবা করতে পারে। গঠন করা হবে তহবিল, বেসরকারি সংস্থাগুলিকেও তহবিলে টাকা দিতে বলা হবে। কলকাতায় আইসোলেশনে রাখার জন্য ৮০০টি বেড তৈরি। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি করা হবে আইসোলেশন সেন্টার। সরকারি ও বেসরকারি হাসপাতালের কর্তাদের নিয়ে হোয়াটস্যাপ গ্রুপ তৈরি হবে। ফুসফুসের চিকিৎসার জন্য আরও দশটি ইসিএম যন্ত্র কিনছে রাজ্য। ৩০০টি ভেন্টিলেশন মেশিন আনা হচ্ছে, এর মধ্যে ৭০টি ইতিমধ্যে এসে গিয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালে আরও ১০টি অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস থেকে সতর্ক থাকুন, অযথা গুজব ছড়াবেন না।

গান গাইতে গাইতে হাত ধোয়ার বার্তা দিলেন রূপম ইসলাম

করোনার সংক্রমণ থেকে বাঁচতে বারবার সাবান দিয়ে হাত ধোয়া খুবই জরুরি। ডাক্তাররা বলছেন, কমপক্ষে ২০ সেকেন্ড হাতে সাবান ঘষতে হবে। তারপর পরিষ্কার জলে ভালো করে ধুয়ে ফেলতে হবে সেই হাত। বিশিষ্ট সংগীতশিল্পী রূপম ইসলাম সম্প্রতি একটি একটি ভিডিও শেয়ার করে সেই বার্তাই দিলেন। সঙ্গে জানালেন, কীভাবে গান গাইতে গাইতে হাতে সাবান লাগিয়ে অনায়াসে ২০ সেকেন্ড পার করে দেওয়া যায়। করোনা প্রতিরোধে রূপমের এই উদ্যোগের প্রশংসা করছেন নেটিজেনরা। নিচে রইল সেই ভিডিও।

ভিডিও সৌজন্যে রূপম ইসলামের ফেসবুক পেজ 

Developed by DXDasia