
লিংকে ক্লিক করে জানুন আজ কোথায় কী
প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। আজ প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসুর মৃত্যুবার্ষিকী। সারাদিন ধরে মহানগরে আজ রয়েছে বেশ কিছু অনুষ্ঠান। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
• কিংবদন্তি অভিনেতা সন্তু মুখোপাধ্যায় গতকাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দীর্ঘদিন ধরে ব্লাড সুগার, হাইপারটেনশন, ক্যানসার প্রভৃতি রোগে কষ্ট পাচ্ছিলেন। এর মধ্যেই দুর্দান্ত অভিনয় করে যাচ্ছিলেন একের পর এক সিনেমা এবং টেলি-ধারাবাহিকে। সম্প্রতি হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে ফিরে এলেও সবাইকে কাঁদিয়ে তাঁকে জীবনের রঙ্গমঞ্চ ত্যাগ করতে হল। অভিনয় ছাড়াও নৃত্য এবং রবীন্দ্রসংগীতে দক্ষ ছিলেন তিনি। তরুণ মজুমদারের ‘সংসার সীমান্তে’ ছবির মাধ্যমে সিনেমার জগতে পা রাখেন। থিয়েটারও করতেন দাপটের সঙ্গে। রুপোলি পর্দায় সেভাবে মুখ্য চরিত্রে না থেকেও দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন সন্তু মুখোপাধ্যায়।

• ১৯৬৭ সালে ‘অগ্নিবীণা’-র প্রতিষ্ঠা করেছিলেন কাজী নজরুল ইসলাম। সেই প্রতিষ্ঠান ‘বসন্তমুখর আজি’ নামের এক নজরুল সন্ধ্যার আয়োজন করছে আজ বিকেল ৫টা থেকে। নজরুলের সমন্বয়বাদী দর্শনকে ফোকাস করে আর্ত-পীড়িতের সেবায় একটি সাহায্য অনুষ্ঠানও থাকছে। রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহের এই অনুষ্ঠানে হাজির থাকছেন ইন্দ্রানী সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, শ্রীকান্ত আচার্য, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী প্রমুখ বিশিষ্টজনেরা।

• লুই পিরানদেল্লার নাটক ‘হেনরি ফোর’-এর বাংলার রূপান্তর করেছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। নাম দিয়েছিলেন ‘শের আফগান’। সেই নাটকে এক সময়ে মঞ্চ কাঁপাতেন অজিতেশ নিজে। এখন রজতাভ দত্ত সেই মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করছেন। ‘সংসৃতি’ নাট্যদল প্রযোজিত ‘শের আফগান’ আজ মঞ্চস্থ হবে আকাদেমি অফ ফাইন আর্টসে, সন্ধে সাড়ে ৬টা থেকে। নির্দেশনা – দেবেশ চট্টোপাধ্যায়।

• বাংলাদেশের শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার’স অ্যাসোসিয়েশন ‘ইনকোয়েস্ট ইনসাইট ৫’ নামের আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেছে কলকাতার গ্যালারি গোল্ডে। আজ বিকেল ৩টেয় প্রদর্শনীটির উদ্বোধন হবে। আগামীকালও চলবে প্রদর্শনী। এই দু’দিন বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের প্রবেশ অবাধ। কলকাতা ছাড়াও বিভিন্ন সময়ে সিলেট এবং ঢাকাতেও একই নামে প্রদর্শনী আয়োজিত করছে শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার’স অ্যাসোসিয়েশন।

• মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদের মতো শহরগুলিতে সফল প্রদর্শনের পর কলকাতায় আয়োজিত হতে চলেছে চেঞ্জচিত্র চলচ্চিত্র উৎসব। আজ সন্ধে ৬টা থেকে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে প্রদর্শিত হবে ৬৫ জন নতুন চলচ্চিত্রকারদের নির্মিত তথ্যচিত্র। সামাজিক আন্দোলনকে ভিত্তি করে বানানো ডকুমেন্টারিগুলিতে উঠে এসেছে নারী ক্ষমতায়ন, পরিবেশের সংকট, রূপন্তরকামীকের লড়াই এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়।

• আজ প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ বসুর ৮৮তম মৃত্যুবার্ষিকী। মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক ভাঙন, ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন ও রহস্যময় দিকগুলি খুব সাবলীলভাবে উঠে এসেছে তাঁর লেখায়। কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে জেল খেটেছিলেন, পরে কমিউনিস্ট রাজনীতি থেকে সরিয়ে নেন নিজেকে। ‘কালকূট’, এবং ‘ভ্রমর’ ছিল তাঁর ছদ্মনাম। তাঁর ‘গঙ্গা’, ‘বিবর’, ‘প্রজাপতি’, ‘বিটি রোডের ধারে’, ‘শ্রীমতী ক্যাফে’, ‘তিন পুরুষ’ প্রভৃতি উপন্যাস ও ‘আদাব’, ‘প্রত্যাবর্তন’, ‘মহাযুদ্ধের পরে’, ‘অকাল বসন্ত’ প্রভৃতি গল্প পাঠকদের আজও মুগ্ধ করে। ‘শাম্ব’ উপন্যাসের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত হন। আনন্দ পুরস্কারও লাভ করেছিলেন তিনি।
