
লবণহ্রদ বিদ্যাপীঠ
স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসিয়ে অনন্য নজির গড়লেন সল্টলেকের লবণহ্রদ বিদ্যাপীঠ কর্তৃপক্ষ। স্কুলটি সরকারি অনুদানপ্রাপ্ত। সল্টলেকের কোনো সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে এই ধরনের উদ্যোগ এবারই প্রথম নেওয়া হল।
গত বুধবার থেকে লবণহ্রদ বিদ্যাপীঠের ভেন্ডিং মেশিনে এক টাকার কয়েন ফেললেই পাওয়া যাচ্ছে দুটি করে স্যানিটারি ন্যাপকিন। কোনো ছাত্রীর কাছে যদি কয়েন না থাকে, সে স্কুলের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে গেলেই সমস্যা মিটবে। ওই ভেন্ডিং মেশিন বসাতে একটি বেসরকারি সংস্থা সাহায্য করেছে, তার সঙ্গে স্কুলের নিজস্ব ফান্ড থেকেও খরচ করা হয়েছে। স্যানিটারি ন্যাপকিন নিয়ে এখনও ছুঁতমার্গ আছে সমাজের একটা অংশের মধ্যে। সেদিক থেকে এই স্কুলে ভেন্ডিং মেশিন বসানোর মধ্যে দিয়ে স্কুল কর্তৃপক্ষ যথেষ্ঠ সাহসিকতার পরিচয় দিয়েছেন বলেই মনে করছেন সচেতন নাগরিকরা।
ইতিমধ্যেই লবণহ্রদ স্কুল কর্তৃপক্ষ ছাত্রীদের শরীরচর্চার জন্য যুবকল্যাণ দপ্তরের সহায়তায় স্কুলে তৈরি করেছিলেন আধুনিক মাল্টিজিম। তাতে খরচ হয়েছিল প্রায় তিন লক্ষ টাকা। স্কুলের কাছে কোনো ওষুধের দোকান নেই। তাই ছাত্রীদের প্রয়োজনে এবার স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনেরও ব্যবস্থা করলেন স্কুল কর্তৃপক্ষ।
