ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসল ঢাকা বিশ্ববিদ্যালয়ে

বিশ্ববিদ্যালয়ের ১০টি জায়গায় এই মেশিন বসানো হয়েছে

ঋতুস্রাব নিয়ে আমাদের দেশে যেমন নানা সংস্কার আছে, বাংলাদেশেও রয়েছে বেশ কিছু ট্যাবু। সেইসব ট্যাবু ভেঙে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে এবং ছাত্রীদের পাশে থাকতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসাল সেখানকার কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং এসিআই কনজিউমার ব্র্যান্ড। 

চলতি মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি জায়গায় ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হয়। বিশ্ববিদ্যালয়ের সাইন্স লাইব্রেরি, চারুকলা অনুষদ, ব্যবসায়িক শিক্ষা অনুষদ, রোকেয়া হল, বঙ্গমতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), কলা ভবন ছাত্রী কমনরুম, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শামসুননাহার হল এবং কবি সুফিয়া কামাল হলে রয়েছে মেশিনগুলি। 

মেশিনের পাশেই রাখা আছে দু’টি করে ডিসপোজাল বিন ও দু’টি করে তোয়ালে। যে কোনো সময়ে বাংলাদেশি মূল্যে ১০ টাকার বিনিময়ে ছাত্রীরা মেশিন থেকে ন্যাপকিন সংগ্রহ করতে পারবে। ক্যাম্পাসের বাইরে সেই প্যাডগুলির দাম এখন বাংলাদেশি মূল্যে প্রায় ১৪ টাকা। বাজারে দাম বাড়লেও আপাতত ক্যাম্পাসের মেশিনগুলিতে প্যাডের দাম একই থাকবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে সম্মিলিত শিক্ষার্থী পরিষদের প্যানেলের ইশতেহারে ক্যাম্পাসে ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর প্রতিশ্রুতি ছিল। বিশ্ববিদ্যালয়ে ভেন্ডিং মেশিন বসাতে মুখ্য ভূমিকা নিয়েছেন এই প্যানেলের নির্বাচিত সদস্য তিলোত্তমা শিকদার। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী সিনেট সদস্য।

Developed by DXDasia