
দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে
ফের কেন্দ্র-রাজ্য সংঘাত। দীনদয়াল উপাধ্যায় জন্মজয়ন্তী উদযাপন নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বার্তা আসার পরই রাজ্যের সঙ্গে বিরোধ বাধল কেন্দ্রের। কেন্দ্রের শিক্ষানীতির কঠোর সমালোচনা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, শিক্ষায় গৈরিকীকরণের চেষ্টা হচ্ছে। ইউজিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে নির্দেশিকা পাঠিয়েছে, তাকে তুঘলকি কাণ্ড ভিন্ন অন্য কিছু বলা যায় না।
শুক্রবার পার্থবাবু নবান্নে এক সাংবাদিক বৈঠকে বলেন, শিক্ষায় রক্তিমকরণ মানেননি তাঁরা। আর আজ গৈরিকীকরণও মানা হবে না। সম্প্রতি একটি নির্দেশিকা পাঠানো হয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে। সেখানে দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশিকা আসার পরই বিপাকে পড়ে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি।
পার্থবাবুকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজ্য সরকারকে কোনও চিঠি পাঠানো হয়নি। ফলে এই নির্দেশিকা মানার কোনও প্রশ্নই নেই। কেন্দ্রীয় সরকারের অধীন যে সমস্ত বিশ্ববিদ্যালয় রয়েছে, তারা ওই নির্দেশিকা মানতে পারে। কিন্তু রাজ্যের অধীন কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি অবশ্যই রাজ্যের অনুমোদন চাইবে। সেখানে রাজ্যের বিশ্ববিদ্যালয়-কলেজগুলিতে এই নির্দেশিকা মানার কোনও বার্তা দেবে না রাজ্য।
এদিন পার্থবাবু কেন্দ্রের সমালোচনা করে বলেন, দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন বাধ্যতামূলক করেছেন। স্বামী বিবেকানন্দের সঙ্গে একাসনে বসানো হয়েছে দীনদয়াল উপাধ্যায়কে। এই সব হচ্ছে রাজ্যকে অন্ধকারে রেখেই। রাজ্যের সঙ্গে একটিবারের জন্যও কোনও কথা বলা হয়নি এই সিদ্ধান্ত গ্রহণের আগে। সবকিছুই সিদ্ধান্ত নিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের উপর।
