কলকাতায় প্রথম ৪০০ শয্যার ‘‌সেফ হোম’‌ তৈরি করল পুরসভা

বিনামূল্যে ‘‌সেফ হোম’‌–‌এর পরিষেবা পাওয়া যাবে

কলকাতায় এই প্রথমবারের জন্য ‘‌সেফ হোম’‌ তৈরি করল পুরসভা। এই সোমবার বাইপাসের ধারে আনন্দপুরে ৪০০ শয্যার এই ‘‌সেফ হোম’‌ দেখে এ কথাই জানালেন পুরপ্রধান প্রশাসক ফিরহাদ হাকিম। ফর্টিস হাসপাতালের পিছনদিকে আনন্দপুরে নবনির্মিত একটি বহুতল বাড়িতে ‘‌সেফ হোম’‌ গড়ে তোলার কাজ করছে পুরসভা। সম্পূর্ণ নতুন একটি ভাবনায় শহরের বুকে ভরে উঠছে ‘‌সেফ হোম’‌ পরিষেবা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় শহরে ‘‌সেফ হোম’‌ করার উদ্যোগ নিয়েছে পুরসভা। এজন্য কলকাতার কয়েকটি বাড়ি নেওয়া হয়েছে। এই বাড়িটি তার মধ্যে একটি। এখানে মোটামুটি ৪০০ শয্যার ব্যবস্থা প্রস্তুত। আরও ২০০টি শয্যা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ঠিক হয়েছে এখানে সেইসব করোনা আক্রান্তকে রাখা হবে যাঁদের উপসর্গ কম। অথবা উপসর্গ নেই, কিন্তু পরীক্ষায় কোভিড পজিটিভ এসেছে। কোনও রকম সমস্যা দেখা দিলে কিংবা ভেন্টিলেশনে দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হলে আশপাশের কোভিড হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। বালটিগুড়িতেও এরকম একটি ৪০০ শয্যার ‘‌সেফ হোম’‌ তৈরির কাজ চলছে। বিনামূল্যে ‘‌সেফ হোম’‌–‌এর পরিষেবা পাওয়া যাবে।

Developed by DXDasia