
হারিয়ে যাওয়া খেলাগুলি ফিরিয়ে আনতে উদ্যোগ নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ
এক সময়ে বাঙালির শৈশবকে রঙিন করে থাকত ডাংগুলি, এক্কাদোক্কা, পিট্টু, কুমিরডাঙার মতো সব মজাদার খেলা। সেইসব খেলা এখন পাবজি, স্যাডো ফাইট, টেম্পল রান এবং আরও অনেক মোবাইল আর কম্পিউটার গেমের দাপটে হারিয়ে যেতে বসেছে। মোবাইলে আসক্ত নতুন প্রজন্মের অনেকেই এই দেশজ খেলাগুলির সঙ্গে পরিচিত নয়। এবার, সেই লুপ্তপ্রায় খেলাগুলি নতুন করে ফিরিয়ে আনার উদ্যোগ নিল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব আরসি বাগচী শুক্রবার নির্দেশ জারি করেছেন, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য স্কুলে চু কিত কিত, কুমিরডাঙা, এক্কাদোক্কা, দাঁড়িয়াবান্ধার মতো খেলার আয়োজন করবেন প্রধান শিক্ষক। সরকারি ও সরকার পোষিত স্কুল, মাধ্যমিক শিক্ষাকেন্দ্র এবং মাদ্রাসায় খেলার পিরিয়ডে বা অন্য কোনো সময়ে এই খেলা শেখাবেন খেলার শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। রাজ্যের সবক’টি জেলার প্রাইমারি বিদ্যালয় সংসদের চেয়ারম্যানদের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে।
এই খেলাগুলো চালু হলে যেমন ছাত্রছাত্রীদের শরীরচর্চা হবে, তেমনই পড়ুয়াদের স্কুলে যাওয়ার আগ্রহ বাড়বে বলে মনে করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
