গান গেয়ে দুঃস্থ পড়ুয়াদের স্কুলবাড়ি গড়ে দিচ্ছেন রূপম ইসলাম

শো-এর সমস্ত অর্থ তুলে দেওয়া হবে স্কুল কর্তৃপক্ষের হাতে

দরিদ্র পরিবার থেকে প্রায় ১০০ জন ছাত্রছাত্রী পড়তে যায় একটি স্কুলে। কিন্তু সেই স্কুলবাড়ির নেই কোনো পাকা ছাদ, টেবিল-চেয়ার-বেঞ্চ-আলো-পাখা এবং অন্যান্য সরঞ্জামের অবস্থাও তথৈবচ। এবার সেই স্কুলের দুঃস্থ পড়ুয়াদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গায়ক রূপম ইসলাম। 

শিলিগুড়ির গিরিজ্যোতি বিদ্যালয়ে এভাবেই নিয়মিত পঠনপাঠন চলে আসছে। শিক্ষাদানের উপযুক্ত বেশ কিছু পরিকাঠামোর অভাব রয়েছে সেই স্কুলে। তার মধ্যেই হাসিমুখে ক্লাস করে পড়ুয়ারা, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে। এবার তাদের মাথায় পাকা ছাদ গড়ে দিতে গায়ক রূপম ইসলাম এক অনুষ্ঠানের আয়োজন করেছেন।

স্বেচ্ছাসেবী সংস্থা কার্পেডিয়ামের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলা ব্যান্ড ফসিলসের এক শো হবে আগামী ১ সেপ্টেম্বর নজরুল মঞ্চে। সেই অনুষ্ঠানের সব টাকা শিলিগুড়ি গিরিজ্যোতি বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।

 
 

Developed by DXDasia